প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না করে জনগণের সমস্যার সমাধানে মনোনিবেশ করতে। তিনি মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। মিথ্যা অপপ্রচার তারা আর খুব একটা বিশ্বাস করে না। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।’
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে বলেন, যখন সরকার দেশের উন্নয়ন এবং জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানে বিভিন্ন মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে নিয়ে কাজ করছে, তখন একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি তারা সত্যিকার অর্থে দেশের জনগণের অধিকার রক্ষা করতে চান, তবে তাদের জনগণের পাশে দাঁড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত না থেকে জনগণের বাস্তব সমস্যার সমাধানে কাজ করা উচিত।
আমিনুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, অধিকার রক্ষা এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ঢাকা-১৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পল্লবী ও রূপনগর এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি প্রায় ৪৫ বছর ধরে এ এলাকায় বসবাস করছেন। সাবেক ফুটবলার ও রাজনৈতিক কর্মী হিসেবে তিনি সব সময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।
এবারের নির্বাচনে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করা না হলেও তিনি এলাকার মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। পল্লবী ও রূপনগরের চারটি ওয়ার্ডের মানুষের মৌলিক ও সামাজিক সমস্যা সমাধানে তিনি কাজ করে যাবেন।
এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্কুল-কলেজের ভবন সংস্কার, খেলার মাঠের উন্নয়ন ও আধুনিকায়নসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ ও ওয়াসার পানির পাম্পসংক্রান্ত সমস্যার সমাধানেও তিনি সর্বাত্মক চেষ্টা করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিসুর রহমান। এ সময় মহানগর নেতা গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও বাউনিয়াবাঁধ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আশরাফ আলী গাজীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন