প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, ইতিহাসে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বিনা অভিবাসন ব্যয়ে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু হতে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধান তারেক রহমানের নেতৃত্বে এই ঐতিহাসিক কার্যক্রমের সূচনা হচ্ছে, যার মাধ্যমে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানো সম্ভব হচ্ছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
মাহদী আমিন আরও বলেন, বাংলাদেশি কর্মীরা অনেক আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতি নিয়ে বিদেশে যাচ্ছেন, যা তাদের এবং তাদের পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে। একইসঙ্গে তারা দেশের ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিদেশগামী কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের এই যাত্রা ভবিষ্যতে একটি নতুন, সমৃদ্ধ ও সক্ষম বাংলাদেশ গঠনে অবদান রাখবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘ আড়াই বছর পর পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হলো।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্যে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে।
প্রথম ফ্লাইটে ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাচ্ছেন।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসা সুবিধাও প্রদান করা হবে। কর্মীদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।
এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এখন পর্যন্ত দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র বোয়েসেল পেয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান।
সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানান তিনি।
বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন