প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা হবে। বুধবার (১৮ নভেম্বর) রাজধানী কারাকাসে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে এক অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দেন।
মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর এটি হেগসেথের দেশটিতে প্রথম সফর। রদ্রিগেজ জানিয়েছেন, নতুন এই চুক্তি দুই দেশের অভিন্ন হুমকি মোকাবিলা এবং ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।
হেগসেথের বক্তব্য অনুযায়ী, এই অংশীদারিত্বের মাধ্যমে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দুই দেশের যৌথ পদক্ষেপকে আরও শক্তিশালী করা হবে। তিনি কারাকাসে বলেন, "মাদক-সন্ত্রাসীদের জন্য এ অঞ্চলে নিরাপদ আশ্রয়ের সুযোগ শেষ হয়ে আসছে। তাদের খুঁজে বের করে দমন করা হবে।"
মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি পেয়েছে। গত আগস্টে নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্সের (এনএবিইপি) সঙ্গে একটি চুক্তির মাধ্যমে দেশটির ১৭টি তেলক্ষেতে দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। এসব তেলক্ষেত্রে ভেনেজুয়েলার মোট তেল মজুতের প্রায় এক-পঞ্চমাংশ রয়েছে।
এনএবিইপির নিয়ন্ত্রণকারী ব্যবসায়ী আলেহান্দ্রো বেটানকার্ট জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ তাঁদের দৈনিক তেল উৎপাদন আড়াই লাখ ব্যারেলের বেশি করার লক্ষ্য রয়েছে। কোম্পানির হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি সময়ে তাদের দৈনিক উৎপাদন ছিল ২ লাখ ২৪ হাজার ব্যারেল।
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের ঝুঁকির প্রসঙ্গ টেনে হেগসেথ বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে তেল সহযোগিতা পশ্চিম গোলার্ধের দেশগুলোর হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে দেবে। তাঁর ভাষায়, "এ সহযোগিতার ফলে পশ্চিম গোলার্ধের জন্য হরমুজ প্রণালি ‘গুরুত্বহীন’ হয়ে উঠবে।"
কারাকাসের একটি সমাবেশে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব বিস্তারের নীতিকে ‘ডনরো ডকট্রিন’ নামে উল্লেখ করেন হেগসেথ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরোর নামের সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মিলিয়ে এই শব্দটি তৈরি হয়েছে। মনরো ডকট্রিনের আধুনিক রূপ হিসেবে যুক্তরাষ্ট্রের পশ্চিম গোলার্ধকেন্দ্রিক নীতিকে তিনি এ নামে অভিহিত করেন।
হেগসেথ বলেন, ভেনেজুয়েলা এখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অংশীদার হিসেবে নিজেদের সামরিক বাহিনী পুনর্গঠনের পথে এগোচ্ছে। লাতিন আমেরিকা সফরের অংশ হিসেবে তাঁর কলম্বিয়া যাওয়ারও পরিকল্পনা রয়েছে। সেখানে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা এবং দেশটিকে একটি লকহিড মার্টিন হারকিউলিস সি-১৩০ বিমান হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। তথ্যসূত্র: রয়টার্স, এএফপি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন