প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানাতে বিএনপির নেতাকর্মীরা সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা ও ধানগড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি সরকারি উদ্যোগে টিটিসির ভবন নির্মাণের জন্য একটি সরকারি চিঠি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। এ চিঠিতে চান্দাইকোনা এলাকায় টেকনিক্যাল টেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের বিষয়টি উল্লেখ রয়েছে। সরকারি এই সিদ্ধান্তের পর উপজেলার একটি অংশ ধানগড়া ও অন্য একটি অংশ চান্দাইকোনায় টিটিসি ভবন স্থাপনের দাবিতে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয়। এ অবস্থায় ধানগড়া এলাকায় টিটিসি ভবন নির্মাণের দাবি জানানো অংশের সঙ্গে এমপি আয়নুল হক বৈঠকে বসেছিলেন। বৈঠকের এক পর্যায়ে পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। সেই সময় এমপি আয়নুল হক নিজ গাড়িতে ঘটনাস্থল ত্যাগ করার সময় পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এই হামলায় এমপির গাড়ির পেছনের গ্লাস এবং একটি ক্যামেরা ভেঙে যায়।
এ ঘটনার পর এমপি আয়নুল হক তাৎক্ষণিক একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। ওই ভিডিও বার্তায় তিনি দাবি করেন, টিটিসির ভবন স্থাপনের আলোচনা চলাকালীন জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কথা-কাটাকাটির একপর্যায়ে হট্টগোল সৃষ্টি করেন। এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করার সময় হট্টগোলকারীরা গাড়িতে হামলা চালিয়েছে। এমপি এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন।
তিনি নিশ্চিত করেছেন যে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত স্থানে টিটিসি ভবন স্থাপন করা হবে। এই বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, এমপির গাড়িতে হামলার ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় বর্তমানে কেউ মামলা করেনি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন