প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর বালুমহল লিজ নিয়ে ইজারাদারের লোকজন ড্রেজারে বালু উত্তোলনের সময় কর্মচারীদের মারধর ও নগদ ১৬ লাখ টাকা লুটসহ চাঁদা দাবির অভিযোগ তুলেছেন ইমতিয়াজ আহমেদ কাজল ও মাসুদ রানা বাবুসহ তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। তাছাড়া হামলায় গুরুতর আহত কর্মচারী দেলোয়ার হোসেন কাকন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল ও মাসুদ রানা বাবুসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। সাংসদ সম্মেলন করে এসব অভিযোগ করেন বালুমহল ইজারাদার পক্ষের পরিচালক মাইনুল ইসলাম বেকুল।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন মইনুল ইসলাম বেকুল। তিনি বৈধ ইজারাদার শফিক ট্রেডার্সের পক্ষে বালুমহলটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ সম্মেলনে তিনি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
লিখিত বক্তব্যে মইনুল ইসলাম বেকুল বলেন, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজি মো. শাহিনের ছোট ভাই শফিকুল ইসলাম উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে মেঘনা নদীর বালুমহলটি ইজারা নেন। ইজারামূল্য, ভ্যাট ও ট্যাক্সসহ মোট ১৬ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সরকারি নিয়ম মেনে ১ বৈশাখ থেকে ভৈরব উপজেলার তিনটি মৌজায় বালু উত্তোলনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বেকুলের অভিযোগ, বালুমহলের কার্যক্রম শুরুর পর থেকে ইমতিয়াজ আহমেদ কাজল বিনা বিনিয়োগে বালু ব্যবসায় অংশীদার হওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় কাজল ও তাঁর সহযোগীরা বিভিন্ন সময় চাঁদা দাবি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বালুমহল নিয়ে অপপ্রচার চালান বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ২০ অক্টোবর মঙ্গলবার সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে কাজল, ও বাবুসহ তাঁদের সহযোগীরা নৌকাযোগে লুন্দিয়া মৌজায় অবস্থিত বালুমহলে গিয়ে হামলা চালান এবং বালুমহলের ক্যাশে থাকা ১৬ লাখ টাকা নিয়ে যান। এ সময় বালুমহলের কর্মচারী কাকনের মাথায় আঘাত করে গুরুতর আহতসহ আরও দুই কর্মচারী মারধরের শিকার হন। আহত কাকন মিয়াকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত কাকনের ভাই পূণ্য মিয়া বাদী হয়ে ইমতিয়াজ আহমেদ কাজল ও মাসুদ রানা বাবুসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
পরিচালক বেকুল বলেন, বালুমহলটি সরকারি দরপত্রের মাধ্যমে ইজারা নেওয়া হয়েছে। এর সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। এ ছাড়া বালুমহল নিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরে দেওয়া অভিযোগ তদন্ত করা হয়েছে এবং তাঁর দাবি অনুযায়ী, তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, সদস্য সচিব আল মামুন, পৌর যুবদলের আহ্বায়ক হানিফ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অভিযুক্ত গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল বলেন, আমার বিরুদ্ধে যারা মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি অভিযোগ করেন, ইজারা বৈধ হলেও, ইজারা চুক্তির শর্ত ভঙ্গ করে অতিরিক্ত ড্রেজার ব্যবহার করে অবৈধউপায়ে বালু উত্তোলন করছে তারা। ওই দিন আমরা সাংবাদিক নিয়ে অতিরিক্ত ড্রেজারের ছবি ও ভিডিও করে পাড়ে চলে আসার মুহুর্তে বালু সন্ত্রাসীরা পিস্তল, রামদা ও চাপাতি নিয়ে দুটি স্পীডবোড নিয়ে আমাদের নৌকায় উঠে হামলা চালিয়ে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এলাকাবাসী লোকজন এগিয়ে এসে আমাদের তখন উদ্ধার করে। তাছাড়া ইজারাদার একজন হলেও প্রায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মীকে বালু ব্যবসায় অংশীদার করেছেন। তা ইজারা চুক্তির শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, প্রশাসনের উচিত তদন্ত করা। এসব অংশীদারের মাধ্যমে নদীতে প্রভাব বিস্তার ও ভীতিকর পরিবেশ সৃষ্টির করায় সাধারণ মানুষও তাদের প্রয়োজনে নদীতে যেতে ভয় পায়। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি করছি, হামলা, ছিনতাই ও ইজারা শর্তভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হোক এবং নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন