প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে সীতাকুণ্ড অতিক্রমকালে শনিবার সন্ধ্যার পর এক পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি দুর্নীতি, লুটপাট এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে বলেন, "জনগণের কষ্টার্জিত অর্থ আর দুর্নীতিবাজদের পকেটে যেতে দেওয়া হবে না। দুর্নীতির সব পথ বন্ধ করে জনগণের অধিকার আদায় করা হবে।"
সীতাকুণ্ড অতিক্রমকালে আয়োজিত এই পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। লংমার্চের বহর মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে অগ্রসর হওয়ার সময় তিনি বক্তব্য দেন, যেখানে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার সমালোচনা করে জামায়াত আমীর বলেন, "ক্ষমতায় যাওয়ার আগে জনগণকে যেসব বড় বড় ওয়াদা দেওয়া হয়েছিল, তার অনেক কিছুই পূরণ হয়নি।" তিনি আরও মন্তব্য করেন, "দু-একটি কার্ড বিতরণ ছাড়া খেটে খাওয়া মানুষের মৌলিক সমস্যার টেকসই সমাধান হয়নি।"
দেশের মানুষের ঘাম ঝরানো উপার্জনের অর্থ দুর্নীতিবাজদের পকেটে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "এ অবস্থার অবসান ঘটাতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।" পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, "আপনারা কি এই দুর্নীতির পকেটগুলো বন্ধ করতে প্রস্তুত?" এ সময় উপস্থিত জনতা হাত তুলে সমর্থন জানান।
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, "জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের মতামত স্পষ্ট করেছে। গণতন্ত্রে বিশ্বাস থাকলে জনগণের সেই রায় বাস্তবায়ন করতে হবে। এটি কারও দয়া বা করুণা নয়, বরং জনগণের গণতান্ত্রিক অধিকার।"
লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের ত্যাগের প্রশংসা করে তিনি বলেন, "হাজার হাজার মানুষ কষ্ট স্বীকার করে একটি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ কর্মসূচিতে অংশ নিয়েছে। জনগণের অধিকার আদায়ের এই সংগ্রাম অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, "অধিকার আমরা আদায় করেই ছাড়ব, ইনশাআল্লাহ। আমাদের অধিকার ও সংগ্রামের জাহাজ বন্দরে একদিন ভিড়বেই।"
পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা হাত তুলে এবং মোবাইল ফোনের আলো জ্বালিয়ে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান। পরবর্তীতে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পথসভা শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন