প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নোবেল শান্তি পুরস্কারজয়ী হুয়ান ম্যানুয়েল সান্তোস জানিয়েছেন, দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোকে পরাজিত করার জন্য বর্তমান প্রেসিডেন্টের সামরিক শক্তি প্রয়োগের কৌশল শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য। তিনি উল্লেখ করেছেন, সহিংসতা বন্ধ করতে পুরস্কার ও শাস্তি—দুই ধরনের পদক্ষেপের প্রয়োজন রয়েছে।
এএফপি’র খবর অনুযায়ী, ফার্ক গেরিলাদের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটানোর জন্য ৭৫ বছর বয়সী সান্তোস নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। ২০১৬ সালের ২৪ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ফার্কের সঙ্গে কলম্বিয়া সরকারের পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটায় এই চুক্তিটি।
এক দশক পর আবারও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে দেশে। নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার নীতির কারণে সান্তোস মনে করেন, তার শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ ও অর্জন হুমকির মুখে পড়েছে।
বোগোতায় নিজের শান্তি প্রতিষ্ঠাবিষয়ক ফাউন্ডেশনে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বর্তমান সরকার বুঝতে পারছে না যে, আমাদের যেসব সমস্যা রয়েছে, তার অনেকগুলোর সমাধানের সবচেয়ে ভালো উপায় হলো ২০১৬ সালের শান্তিচুক্তি বাস্তবায়ন করা।’
যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার দাবি, শান্তিচুক্তির আওতায় ফার্ক যোদ্ধারা নিজেদের অপরাধ স্বীকার করার বিনিময়ে কারাদণ্ড থেকে রেহাই পেয়েছেন। তিনি মনে করেন, এতে অপরাধ করেও শাস্তি এড়ানোর সংস্কৃতি তৈরি হয়েছে।
প্রেসিডেন্ট অঙ্গীকার করেছেন, অবশিষ্ট সব সশস্ত্র গোষ্ঠী, এমনকি ফার্কের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশগুলোকেও ‘কবরস্থানে অথবা কারাগারে’ পাঠানো হবে। এই লক্ষ্যে তিনি এসব গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলাও জোরদার করেছেন।
শান্তি নিয়ে রাজনীতি
ফার্কের বিরুদ্ধে লড়াইয়ে সান্তোস দ্বিমুখী কৌশল গ্রহণ করেছিলেন। কিউবায় চার বছর ধরে শান্তি আলোচনা চলাকালীন তিনি গেরিলাদের ওপর সামরিক চাপ অব্যাহত রেখেছিলেন। একই সঙ্গে অস্ত্র ত্যাগ করলে তাদের রাজনীতিতে অংশগ্রহণ, সমাজে পুনর্বাসন এবং কারাদণ্ড এড়িয়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিয়েছিলেন।
ওই শান্তিচুক্তির ফলে ফার্কের বোমা হামলা, হত্যাকাণ্ড ও জিম্মি করার মতো সহিংস কর্মকাণ্ডের অবসান ঘটে।
তবে গত দুই বছরে দেশে আবারও সহিংসতা বেড়েছে। অবশিষ্ট গেরিলা গোষ্ঠী ও মাদকচক্রগুলোর মধ্যে কোকেনের ব্যবসা, অবৈধ স্বর্ণখনি এবং চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলছে।
২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা সান্তোসের কার্যালয়ের একটি বিশেষ স্থানে ফিতা দিয়ে বাঁধা শান্তিচুক্তির মূল কপিটি সংরক্ষিত রয়েছে।
চুক্তির কিছু গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়নে অগ্রগতি না হওয়ার জন্য রাজনীতিবিদদের দায়ী করেন তিনি। তার মতে, ‘কয়েকটি ভোটের আশায়’ রাজনীতিবিদরা এ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন।
কলম্বিয়ার অনেক এলাকায় শান্তির সুফল পাওয়া গেলেও মাদক পাচারের সঙ্গে জড়িত বিদ্রোহী গোষ্ঠীগুলো আবারও গাড়িবোমা হামলা ও ড্রোন হামলা জোরদার করেছে। গত বছর তারা একজন প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা করে।
সান্তোস বলেন, ‘এই নতুন সহিংসতা অবশ্যই দমন করতে হবে। আমি সব সময়ই বলে আসছি, এর জন্য পুরস্কার ও শাস্তি—দুই পদ্ধতিই প্রয়োগ করতে হবে। অন্যথায় এ প্রচেষ্টা ব্যর্থ হবে।’
এ সময় তিনি অবশিষ্ট গেরিলা গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনায় বসতে বর্তমান প্রেসিডেন্টের অনীহার প্রসঙ্গ উল্লেখ করেন।
শান্তিচুক্তির মাধ্যমে কলম্বিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরা সম্ভব হয়েছে বলে গর্ববোধ করেন সান্তোস। এর ফলে দেশটিতে পর্যটক ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তবে চুক্তির কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও স্বীকার করেন তিনি।
শান্তিচুক্তির আওতায় গঠিত বিশেষ শান্তি আদালত (জেইপি) মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করা সাবেক ফার্ক নেতাদের এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথম কারাদণ্ডবিহীন সাজা ঘোষণা করতে সাত বছর সময় নেয়।
বর্তমান প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা আদালতটির বাজেট কমানোর হুমকি দিয়েছেন। সান্তোস স্বীকার করেন, আদালতটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে পুনর্মিলন ও সমঝোতা প্রতিষ্ঠায় এটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে’ বলে তিনি মনে করেন।
প্রেসিডেন্ট হওয়ার আগে সান্তোস ছিলেন কঠোর অবস্থানের প্রতিরক্ষামন্ত্রী। সে সময় ফার্কের বিরুদ্ধে সামরিক অভিযানে বেশ কিছু সাফল্য আসে। এর মধ্যে ২০০৮ সালে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ইনগ্রিড বেতানকুরকে মুক্ত করার ঘটনাও উল্লেখযোগ্য। ফার্ক গেরিলারা তাকে ছয় বছর ধরে জিম্মি করে রেখেছিল।
২০১১ সালে শান্তি আলোচনায় বসার আগে তিনি ফার্কের শীর্ষ নেতা আলফোনসো কানোকেও হত্যার নির্দেশ দিয়েছিলেন।
ফার্কের সঙ্গে শান্তি আলোচনা শুরু করায় দেশটির কট্টর ডানপন্থীরা তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছিল।
- অতীতের সহিংসতায় ফিরে যাওয়ার আশঙ্কা -
বর্তমান প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার কঠোর ও যুদ্ধংদেহী বক্তব্যের কারণে কলম্বিয়ায় আবারও সংঘাতমুখর রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে।
কোটি কোটি ডলারের সম্পদের মালিক এই আইনজীবী প্রেসিডেন্ট কোমরে পিস্তল ঝুলিয়ে সামরিক অভিযান তদারক করেছেন। এমনকি লাশের ব্যাগে মোড়ানো নিহত যোদ্ধাদের সামনে দাঁড়িয়েও তাকে ছবি তুলতে দেখা গেছে।
সান্তোস আশঙ্কা করছেন, এ ধরনের কঠোর সামরিক নীতি আবারও ‘ফলস পজিটিভস’ ঘটনার জন্ম দিতে পারে। এ ধরনের ঘটনায় সামরিক বাহিনীর সদস্যরা নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করে তাদের বিদ্রোহী হিসেবে পরিচয় দিতেন। সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের শাসনামলে সংঘটিত এসব হত্যাকাণ্ড দেশটির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে।
সান্তোস বলেন, ‘আমি আশা করি, আমরা অতীতের সেই অন্ধকার সময়ে ফিরে যাব না।’
এ প্রসঙ্গে তিনি ভিয়েতনাম যুদ্ধের সময়কার মতো নির্বিচারে হত্যার লক্ষ্য নির্ধারণের আশঙ্কার কথাও উল্লেখ করেন।
গত পাঁচ দশক ধরে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত মাদকবিরোধী যুদ্ধকেও ব্যর্থ বলে অভিহিত করেন তিনি।
সান্তোস প্রশ্ন তোলেন, ‘এর প্রকৃত ফলাফল কী হয়েছে?’ তিনি কোকেনসহ বিভিন্ন মাদকদ্রব্য বৈধ করার বিষয়ে প্রকাশ্য আলোচনা শুরুর আহ্বান বারবার জানিয়ে আসছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন