প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে তার বাঁ হাতে গুরুতর জখম হয়েছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় একটি রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হাসিবের সঙ্গে অটোরিকশায় এক তরুণীও উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা নিশ্চিত করেছেন যে, সঙ্গে থাকা ওই তরুণী তার স্ত্রী।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস, যিনি শ্রীমঙ্গল এলাকার বাসিন্দা, বলেন, ‘হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি শ্রীমঙ্গলে আবার আসবেন। তিনি ফিরে এলে শ্রীমঙ্গল থানায় মামলা করার পাশাপাশি পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। আর সঙ্গে থাকা নারী হাসিবের স্ত্রী।’
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তের মাধ্যমে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
হামলার ঘটনার ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুপুরে রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় হাসিব আল ইসলাম ও এক তরুণী যাচ্ছিলেন। ভিডিও ধারণকারী ব্যক্তি হাসিবের উদ্দেশে গালাগাল করতে থাকেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এরপর হঠাৎ চাপাতি নিয়ে হামলা চালান এবং কোপ দেন। এ সময় হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড় দেন।
বালিশিরা রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন জানান, ‘তিন দিন আগে স্ত্রীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। মঙ্গলবারই তাদের চেক আউটের কথা ছিল। এর মধ্যে হামলার ঘটনা ঘটে।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রিসোর্টের কর্মচারী জানান, তিন দিন আগে স্ত্রীকে নিয়ে হাসিব রাধানগর এলাকায় একটি রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার পথে রিসোর্টের সামনে হামলার শিকার হন তিনি। পরে রিসোর্টে ফিরে এলে তার হাতে কোপের ক্ষত দেখে কর্তৃপক্ষ ব্যান্ডেজ করে দেয়।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছেন। তবে কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, ‘হামলার খবর পেয়ে ওই রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আমরা জেনেছি হামলার পর হাসিব ওই রিসোর্ট থেকে চলে গেছেন। আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। হামলাকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন