প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরে নির্দিষ্ট পার্কিং স্থান নির্ধারণ এবং জরিমানার অর্থ সহনীয় পর্যায়ে রাখার দাবিতে অটোবাইক চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। গত বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬) বেলা ১২টার দিকে চাঁদপুর পৌরসভা কার্যালয়ের সামনের রাস্তায় এলোমেলোভাবে গাড়ি রেখে তারা বিক্ষোভ করেন। এর ফলে প্রায় এক ঘণ্টারও বেশি সময় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়, যা সাধারণ যাত্রীদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি করে।
পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর পৌরসভা কার্যালয়ে চালক, মালিক প্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন মন্তব্য করেন, “শহরের যানজট নিরসনে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তবে চালকদের সুবিধার্থে আগামী দুই সপ্তাহ শহরে কোনো জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।” এসময় তিনি জানান, এই সময়ের মধ্যে চাঁদপুর পৌরসভার লাইসেন্সধারী ২৬২৭টি গাড়ির চালকদের ট্রাফিক আইনের ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া তারা মালিক ও চালকদের নিজ দায়িত্বে অবৈধ গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন। নির্ধারিত সময়ের পরে লাইসেন্সবিহীন কোনো গাড়ি পাওয়া গেলে তা সরাসরি ডাম্পিংয়ের জন্য পাঠানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির জানিয়েছেন, প্রশিক্ষণের অংশ হিসেবে চালকদের ট্রাফিক আইনের আওতাধীন একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং কার্ড প্রদান করা হবে। পাশাপাশি জরিমানার বিষয়টি সহনীয় করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। প্রশাসনের এ ধরনের আশ্বাসের প্রেক্ষিতে চালকরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ এবং ডিবি ওসি মজিবুর রহমান। সভায় অটোরিকশা ও অটোবাইক মালিক এবং চালক প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন