প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিওনেল মেসিকে কীভাবে থামানো সম্ভব, এই প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বের সেরা কোচরা বছরের পর বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, আর্জেন্টাইন মহাতারকাকে পুরো ম্যাচজুড়ে নিয়ন্ত্রণে রাখা প্রায় অসম্ভব বলেই মনে করেন ফুটবলবিশ্বের অনেকেই।
ক্যারিয়ার শেষপ্রান্তে এসে ৩৯ বছর বয়সী মেসি নিজের জাদুকরী পারফরম্যান্সের মাধ্যমে প্রতিপক্ষের পরিকল্পনা ভেঙে দিচ্ছেন। বর্তমানে চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রইেছেন তিনি। এখন পর্যন্ত ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি গোল।
সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ইংল্যান্ডের কোচ টমাস টুখেল মেসির প্রভাব নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, আপনি হয়তো মেসিকে ৮৫ মিনিট আটকে রাখতে পারবেন, কিন্তু তার পুরো ম্যাচে সব কিছু গুঁড়িয়ে দেওয়ার জন্য ৫ সেকেন্ডই যথেষ্ট। আমরা এমন একজন ফুটবলারের কাছে হেরেছি, যে ৩৯ বছর বয়সেও ফুটবলকে নতুন করে সংজ্ঞায়িত করে চলেছে। নিজের চোখের সামনে ইতিহাস তৈরি হতে দেখা এটাই এর অর্থ।
ফাইনালের আগে মেসিকে থামানোর কৌশল নিয়ে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও কথা বলেছেন। তার মতে, একজন খেলোয়াড় দিয়ে মেসিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। “মেসি এমন একজন ফুটবলার, যাকে একজন দিয়ে থামানো যায় না, তাকে ঠেকাতে পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে”, বলেন স্প্যানিশ কোচ।
তবে সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা বিষয়টি আলাদাভাবে দেখছেন। তিনি মনে করেন, মেসিকে পুরোপুরি থামানো সম্ভব নয়। তাই উত্তরসূরিদের পরামর্শ দিয়েছেন নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দিতে।
নিউ ইয়র্কে স্পেনের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, “তাকে পুরোপুরি আটকিয়ে রাখা অসম্ভব। বরং স্পেন নিজেদের স্বাভাবিক খেলায় আর্জেন্টিনাকে চাপে ফেলুক। সুযোগ তৈরি করে সেগুলো কতটা নিখুঁতভাবে কাজে লাগাতে পারে, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
মেসির প্রশংসা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেন স্পেনের বিশ্বকাপজয়ী কিংবদন্তি। ইনিয়েস্তা বলেন, “তাকে বর্ণনা করার মতো কোনো শব্দ নেই। প্রতি ম্যাচে তার সংকল্প, আত্মবিশ্বাস এবং যা কিছু করে, তার জন্য শুধু টুপি খুলে সম্মান জানানো যায়।”
বিশ্বকাপের ফাইনালের আগে ফুটবলবিশ্বের এখন আবারও নজর লিওনেল মেসির দিকে। দেখার অপেক্ষা, প্রতিপক্ষের সব পরিকল্পনা ভেঙে আরেকটি ইতিহাস লিখতে পারেন কি না, সেই অপেক্ষায় কোটি কোটি ফুটবলপ্রেমী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন