প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাঁচ বছর ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন সামিয়া আফরিন, যিনি একসময় জনপ্রিয় উপস্থাপিকা ছিলেন। দীর্ঘ চিকিৎসার পর তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়ে উঠেছিল। তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। চার মাস আগে তার শরীরে আবারও ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়।
এবার সামিয়ার শরীরে ওভারিয়ান ক্যান্সার ধরা পড়েছে। দ্রুত অস্ত্রোপচারও করতে হয়েছে তাকে। চিকিৎসকেরা আগেই জানিয়ে ছিলেন, কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তার চুল পড়ে যেতে পারে। তাই এই বিষয়টি মাথায় রেখে সামিয়া কিছুদিন আগে নিজেই চুল ছোট করে নিয়েছিলেন।
সম্প্রতি, তিনি পুরোপুরি মাথা ন্যাড়া করে নিজের নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। ছবির সঙ্গে তিনি আত্মবিশ্বাসী একটি বার্তা লিখেছেন, যেখানে কঠিন সময়কে গ্রহণ করার মানসিক শক্তির কথা উঠে এসেছে।
সামিয়া তার পোস্টে উল্লেখ করেন, ‘কখনো ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে—যখন আমার মাথাটা আবার পুরোপুরি বল্ড (টাক) হয়ে যাবে! ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তখন সেটা নিয়ে ভাবারও বয়স ছিল না। কিন্তু বড় হয়ে, কোনো বিশেষ কারণ ছাড়া এমনভাবে চুল হারানোর অভিজ্ঞতা হয়তো খুব কম মানুষেরই আসে।’
জীবনের কিছু পরিবর্তন যে ইচ্ছার বিরুদ্ধে এসেও মেনে নিতে হয়, সেটি তিনি তুলে ধরেছেন। তার মতে, সব পরিবর্তন সহজ হয় না। তবে কঠিন বাস্তবতাকেও নিজের করে নেওয়ার মধ্যেই রয়েছে এক ধরনের শক্তি।
সামিয়ার উপলব্ধি হলো, চুল থাকুক কিংবা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। বরং নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারাটাই আসল সৌন্দর্য। তার নতুন এই রূপও তাই কেবল একটি পরিবর্তন নয়; এর সঙ্গে জড়িয়ে আছে জীবনের কঠিন সময়, সাহস, গ্রহণযোগ্যতা ও নিজের প্রতি ভালোবাসার গল্প।
তিনি আরো লিখেছেন, ‘কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু আলিঙ্গন করতে হবে। আর আমি সেটাই করেছি—আলিঙ্গন করছি, গ্রহণ করছি এবং আমি আমার এই ভার্সনের মালিক। কারণ চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা। এই লুক-টাও তাই আমার জীবনের একটা গল্প। একটি কঠিন গল্প, কিন্তু একই সঙ্গে সাহস, গ্রহণযোগ্যতা আর নিজের প্রতি ভালোবাসার গল্প।’
সবশেষে, সামিয়া তার নতুন লুক নিয়ে লিখেছেন, ‘এই আমি বাল্ড (টাক), এবং নিজের এই রূপ নিয়ে কোনো সংকোচ নেই। আলহামদুলিল্লাহ, আমার জীবনের প্রতিটি রূপের জন্য। ইনশাআল্লাহ, এটাও একদিন কেটে যাবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন