প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানুষের সভ্যতা, ইতিহাস, ধর্ম ও ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন নিঃসন্দেহে একটি মহৎ বুদ্ধিবৃত্তিক চর্চা। তবে যখন কোনো জাতি, সভ্যতা বা ধর্মকে হেয় করা হয়, তার ইতিহাসকে নতুনভাবে ব্যাখ্যা করা হয় অথবা তার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তখন জ্ঞান আর নিরপেক্ষ থাকে না; বরং তা ক্ষমতার হাতিয়ারে পরিণত হয়। উনিশ ও বিশ শতকের ইউরোপীয় প্রাচ্যতত্ত্ব বা ওরিয়েন্টালিজম এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। এই ধারার মাধ্যমে প্রাচ্যের ভাষা, ধর্ম, ইতিহাস ও সংস্কৃতিকে গবেষণার বিষয় করা হলেও অনেক ক্ষেত্রে সেগুলোকে পশ্চিমা দৃষ্টিভঙ্গি ও ঔপনিবেশিক স্বার্থের আলোকে ব্যাখ্যা করা হয়েছে। ফলে প্রাচ্যকে জানার পাশাপাশি প্রাচ্যের মানুষকে সংজ্ঞায়িত ও নিয়ন্ত্রণ করার একটি বুদ্ধিবৃত্তিক কাঠামোও গড়ে উঠেছে।
প্রাচ্যতত্ত্ব : জ্ঞানচর্চা নাকি আধিপত্যের কৌশল
প্রখ্যাত ফিলিস্তিনি-আমেরিকান চিন্তাবিদ এডওয়ার্ড সাঈদ ১৯৭৮ সালে প্রকাশিত তাঁর বিখ্যাত গ্রন্থ ওরিয়েন্টালিজম-এ প্রাচ্যতত্ত্বের আধিপত্যবাদী চরিত্র বিশ্লেষণ করেন। তাঁর মতে, প্রাচ্যতত্ত্ব শুধুমাত্র প্রাচ্যের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে গবেষণার নাম নয়; বরং প্রাচ্যকে নিজেদের মতো করে ব্যাখ্যা, পুনর্গঠন এবং তার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার একটি পশ্চিমা পদ্ধতি। তিনি দেখিয়েছেন, কিভাবে পশ্চিমা চিন্তায় প্রাচ্যকে প্রায়ই পাশ্চাত্যের বিপরীত একটি সত্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে। পাশ্চাত্যকে যুক্তিবাদী, আধুনিক, উন্নত ও গতিশীল হিসেবে চিত্রিত করা হয়েছে; বিপরীতে প্রাচ্যকে আবেগপ্রবণ, পশ্চাৎপদ, রহস্যময় ও স্থবির হিসেবে উপস্থাপন করা হয়েছে। এভাবে একটি কৃত্রিম বিভাজন তৈরি করে পশ্চিমা শ্রেষ্ঠত্বের ধারণাকে প্রতিষ্ঠা করা হয়েছে।
তবে প্রাচ্যবিদদের সব কাজকে একইভাবে মূল্যায়ন করাও যুক্তিসংগত নয়। তাঁদের অনেকেই গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি উদ্ধার, অভিধান প্রণয়ন, গ্রন্থ সম্পাদনা ও অনুবাদের মাধ্যমে জ্ঞানচর্চায় মূল্যবান অবদান রেখেছেন। সমালোচনার মূল বিষয় তাঁদের সব গবেষণা নয়; বরং সেই গবেষণার ভেতরে কাজ করা পক্ষপাত, ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি ও আধিপত্যের প্রবণতা।
ভাষার শ্রেণিবিভাগ থেকে জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা
প্রাচ্যতত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল ভাষাতাত্ত্বিক শ্রেণিবিন্যাস। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, চিন্তা ও আত্মপরিচয়েরও বাহক। তাই কোনো ভাষাকে কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তার সঙ্গে সেই ভাষাভাষী জনগোষ্ঠী সম্পর্কে ধারণা তৈরির বিষয়টিও জড়িত।
১৭৮৪ সালে কলকাতায় স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ১৭৮৬ সালে তিনি সংস্কৃত, গ্রিক ও লাতিন ভাষার মধ্যে গভীর সাদৃশ্যের কথা তুলে ধরেন এবং এগুলোর একটি অভিন্ন উৎস থাকার সম্ভাবনা প্রকাশ করেন। তুলনামূলক ভাষাবিজ্ঞানের বিকাশে এটি ছিল গুরুত্বপূর্ণ ঘটনা। পরবর্তী সময়ে ভাষার এই শ্রেণিবিন্যাসকে কেন্দ্র করে ইন্দো-ইউরোপীয় ও সেমিটিক ভাষাগোষ্ঠীর ধারণা আরো সুসংগঠিত হয়। কিন্তু সমস্যা দেখা দেয় যখন ভাষাগত পার্থক্যকে জাতিগত ও বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয়। এভাবে ভাষার বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস ধীরে ধীরে জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণায় রূপ নেয়। অথচ যে আরবি ভাষায় ইবনে সিনা, ইবনে রুশদ, আল-খাওয়ারিজমি ও ইমাম গাজ্জালীর মতো মনীষীরা জ্ঞান-বিজ্ঞানের অসংখ্য শাখায় অবদান রেখেছেন, সেই ভাষাকে বুদ্ধিবৃত্তিকভাবে সীমাবদ্ধ বলে চিত্রিত করা ছিল ইতিহাসের বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।
প্রাচ্যতত্ত্বের ঔপনিবেশিক প্রয়োগ
প্রাচ্যতত্ত্বের প্রভাব শুধু ইউরোপীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারে সীমাবদ্ধ ছিল না; ভারতীয় উপমহাদেশে তা প্রশাসন, শিক্ষা, আইন ও ইতিহাসচর্চার সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়ে। ১৭৮১ সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এর অন্যতম উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসনের বিচারব্যবস্থায় মুসলিম আইন সম্পর্কে জ্ঞানসম্পন্ন কর্মকর্তা তৈরি করা। পরবর্তী সময়ে ১৮০০ সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। সেখানে ভারতীয় ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার পাশাপাশি হিন্দুস্তানি ভাষার পৃথক রূপ ও বিন্যাস তৈরির উদ্যোগ নেওয়া হয়। এই ভাষাগত শ্রেণিবিন্যাস পরবর্তী সময়ে হিন্দি-উর্দু বিতর্ককে প্রভাবিত করে। লিপি, শব্দভাণ্ডার ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ভাষাকে আলাদা করার প্রবণতা ক্রমে হিন্দু-মুসলিম সামাজিক বিভাজনকেও গভীর করে তোলে।
আইনব্যবস্থায়ও একই ধরনের পরিবর্তন ঘটে। ১৭৯১ সালে চার্লস হ্যামিলটন হিদায়া গ্রন্থের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। পরবর্তী সময়ে মুসলিম আইনকে ইংরেজি ভাষায় সংকলন ও ব্যাখ্যা করার মাধ্যমে ব্রিটিশরা একটি নতুন বিচারিক কাঠামো গড়ে তোলে। ইসলামী ফিকহের যে ঐতিহ্য ছিল ফকিহদের গবেষণা, ইজতিহাদ, মতপার্থক্য ও সামাজিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত একটি জীবন্ত জ্ঞানব্যবস্থা, তা ক্রমে ঔপনিবেশিক আদালতের নির্দিষ্ট বিধিবিধানে সীমাবদ্ধ হয়ে পড়ে।
শিক্ষাক্ষেত্রেও এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। ১৮৩৫ সালে টমাস ব্যাবিংটন মেকলে তাঁর বিখ্যাত শিক্ষাবিষয়ক মিনিটে ভারতীয় ও আরবি-সংস্কৃত সাহিত্যকে অবমূল্যায়ন করেন। তাঁর দৃষ্টিতে ইউরোপীয় জ্ঞান ও সাহিত্যই ছিল উৎকৃষ্ট। ফলে দেশীয় জ্ঞানচর্চার পরিবর্তে ইংরেজি শিক্ষাকে প্রশাসনিক ও সামাজিক অগ্রগতির প্রধান মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ইতিহাসচর্চায় জেমস মিলের ‘হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ভারতীয় ইতিহাসকে হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ—এই তিন ভাগে বিভক্ত করেন। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ইতিহাসের এই বিভাজন পরবর্তী সময়ে উপমহাদেশের সাম্প্রদায়িক ইতিহাসচেতনায় গভীর প্রভাব ফেলে। তবে উপমহাদেশের মুসলিম চিন্তাবিদরা এসব ব্যাখ্যাকে বিনা প্রতিবাদে গ্রহণ করেননি। সৈয়দ আহমদ খান, মাওলানা কারামত আলী জৌনপুরীসহ অনেকে নিজেদের জ্ঞানতাত্ত্বিক ও ধর্মীয় অবস্থান থেকে তাদের ব্যাখারের জবাব দিয়েছেন।
ইসলামী পরিভাষার বিকৃতি ও অর্থগত সংকোচন
প্রাচ্যতত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল ছিল ইসলামী পরিভাষাকে তার নিজস্ব প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে পশ্চিমা ধারণার ছাঁচে ব্যাখ্যা করা। কোনো শব্দের একটি নির্দিষ্ট অনুবাদ সব সময় তার পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না। বিশেষ করে ইসলামী জ্ঞানতত্ত্বের অনেক পরিভাষার সঙ্গে ধর্মীয়, নৈতিক, সামাজিক ও ঐতিহাসিক তাৎপর্য জড়িয়ে রয়েছে।
যেমন, ‘আদল’ (العدل) শব্দকে শুধু ন্যায়বিচার বা আইনি সমতার মধ্যে সীমাবদ্ধ করা যায় না। ইসলামী দর্শন ও শরিয়াহর আলোচনায় আদল একটি বিস্তৃত নৈতিক ধারণা, যেখানে প্রতিটি বিষয়কে তার যথাযথ স্থানে স্থাপন করার অর্থও নিহিত রয়েছে। অথচ পাশ্চাত্যের কিছু সমাজবিজ্ঞানী ইসলামী বিচারব্যবস্থাকে আধুনিক ইউরোপীয় আইনের মানদণ্ডে বিচার করে অপর্যাপ্ত বা অনির্দিষ্ট হিসেবে উপস্থাপন করেছেন। ‘শরিয়াহ’ শব্দকে শুধু ‘ইসলামিক ল’ হিসেবে অনুবাদ করলেও এর ব্যাপকতা পুরোপুরি প্রকাশ পায় না। কারণ শরিয়াহ মানুষের ব্যক্তিগত, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক জীবনকে সঠিক পথে পরিচালিত করার একটি সামগ্রিক বিধান। একইভাবে ‘উম্মাহ’কে শুধু কমিউনিটি বললে মুসলিম জনগোষ্ঠীর সীমান্ত অতিক্রমকারী ধর্মীয় ও নৈতিক ঐক্যের ধারণাটি যথাযথভাবে ফুটে ওঠে না।
এভাবে প্রাচ্যতত্ত্বের ইতিহাস আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে—জ্ঞান কখনো কখনো আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার হয়ে উঠতে পারে। কোনো জাতির ভাষা, ধর্ম, ইতিহাস ও সংস্কৃতিকে ব্যাখ্যা করার অধিকার যখন তার নিজস্ব জ্ঞান-ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে বহিরাগত কর্তৃত্বের হাতে চলে যায়, তখন তার আত্মপরিচয়ও সংকটের মুখে পড়ে।
তাহলে মুসলিম সমাজের জন্য সবচেয়ে জরুরি হলো নিজেদের ইতিহাস, ধর্মীয় উৎস, ভাষা ও জ্ঞান-ঐতিহ্য সম্পর্কে গভীর অধ্যয়ন গড়ে তোলা। শুধু প্রতিক্রিয়া দেখিয়ে নয়, বরং গবেষণা, যুক্তি, তথ্য-প্রমাণ ও মৌলিক চিন্তার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে। কারণ যে জাতি নিজের ইতিহাস নিজে পাঠ করতে পারে না, তার ইতিহাস অন্যের কলমে বিকৃত হওয়ার আশঙ্কা থেকেই যায়।
শিক্ষার্থী, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মাদপুর, ঢাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন