প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ১৫ নভেম্বর, ২০২৬ : খুলনায় ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলার ষষ্ঠ দিনে আজ রোববার সন্ধ্যায় নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে ‘মানবতাবাদ এবং বিশ্ব শান্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি।
তিনি অনুষ্ঠানে বলেন, প্রতিযোগিতার যুগে চাকুরির প্রস্তুতি নিতে গিয়ে মানবিক শিক্ষাগুলো থেকে আমাদের সন্তানরা দিনদিন বঞ্চিত হয়ে পড়ছে।
মোহাম্মদ মনিরুজ্জামান মনি আরও উল্লেখ করেন, মানব ইতিহাসের প্রথম দিকে আমরা বিভিন্ন যুদ্ধের সম্মুখীন হয়েছি। আগ্রাসন, অন্যায় ও দুষ্টকে দমন করতে গেলে একইভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে হয়।
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তৎকালীন বৈষম্য, অন্যায় এবং অবিচার এর বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা ও সমাজের শান্তিরক্ষার জন্যই যুদ্ধটা অনিবার্য ছিল।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা মন্তব্য করেন, বইমেলার মাধ্যমে শুধু বই কেনা মূল বিষয় নয়। আমাদের বইয়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। তবেই আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো।
প্রতিদিন কিছু না কিছু বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এর ফলে আমরা আরও মানবিক জ্ঞান লাভ এবং মানবিক শান্তি অন্বেষণে সক্ষম হবো।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ শাহ ও কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের সাবেক পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা।
প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি বিএল কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মিজ আমেনা খানম।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন