প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কালের কণ্ঠের প্রিন্ট ভার্সনে ‘গহিন পাহাড়ে জিম্মি বেচাকেনা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় ডাকাত সানাউল্লাহর বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে ক্যাম্পের এইচ ব্লকে এ অভিযান চালানো হয়। পরে দিবাগত রাত ১২টার দিকে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার বিষয়টি নিশ্চিত করেন।
অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, ১৬ এপিবিএন ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি করে। এ সময় ঘর থেকে উদ্ধার হয় দুটি নম্বরবিহীন ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি হেক্সো ব্লেড।
উদ্ধার করা চার রাউন্ড গুলির মধ্যে তিনটি ৭.৬৫ বোরের পিস্তলের এবং একটি একনলা বন্দুকের গুলি। এছাড়া, ঘর থেকে ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, সিমবিহীন আটটি সিম কার্ডের কাভার, দুটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুটি ইউএনএইচসিআর রোহিঙ্গা শরণার্থী কার্ড, একটি জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো বুট উদ্ধার করা হয়েছে।
ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধার করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যদিও অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে উদ্ধার করা সব আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএনের অধিনায়ক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন