প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণহত্যা, দীর্ঘদিনের রাজনৈতিক নির্যাতন, গুম, খুন ও নিপীড়নের প্রতিবাদ এবং গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৫ আগস্ট) মঠবাড়িয়ায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে গণতন্ত্র রক্ষা এবং রাজনৈতিক সহিংসতা ও ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিক নিপীড়ন, মামলা-হামলা, গুম ও হত্যাসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। মঠবাড়িয়ার বিএনপি নেতা আলহাজ রুহুল আমীন দুলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর ওপর হামলা ও নির্যাতনের ঘটনাগুলোও তারা স্মরণ করেন।
বক্তারা আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের পরও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে কেউ যাতে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে নেতারা বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, সহিংসতা ও হত্যার রাজনীতির বিরুদ্ধে তারা অবস্থান করবেন। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার রক্ষায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।
তারা আরও বলেন, কোনো ধরনের উসকানি বা সহিংসতা নয়—গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। একই সঙ্গে অতীতের রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে নেতাকর্মীরা গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন