প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ববিখ্যাত ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের রেস্ট হাউজে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ সিটি প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময়, নবনিযুক্ত পরিচালককে স্বাগত জানিয়ে তার মাধ্যমে কিলিয়ান এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানান ডা. শাহাদাত হোসেন। সাক্ষাৎকালে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তীসহ সিটি করপোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেন, ‘বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। আমরা চাই, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হোক। কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকা চট্টগ্রামে এলে আমাদের শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও অনুপ্রাণিত হবে।’
চট্টগ্রামে ফুটবলের জনপ্রিয়তা ও তরুণদের আগ্রহের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘সুস্থ, মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। একটি স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।’
এসময় চট্টগ্রামে ফরাসি ভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে আলিয়ঁস ফ্রঁসেজের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন চসিক প্রশাসক। একই সঙ্গে চট্টগ্রামের সঙ্গে ফ্রান্সের সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের বিষয়ে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ বলেন, ‘এটি অত্যন্ত সম্মানজনক একটি আমন্ত্রণ। ফরাসি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পের কাছে আমন্ত্রণটি পৌঁছে দেয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে।’
আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তী বলেন, ‘চট্টগ্রামের তরুণ সমাজের কাছে ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে তরুণ ফুটবলপ্রেমীদের কাছে একজন আদর্শ খেলোয়াড়। তার চট্টগ্রাম সফর এ অঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
বৈঠকে ফ্রান্সের বিনিয়োগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ফ্রান্স সরকারের ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) মাধ্যমে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় যে বৃহৎ বিনিয়োগ করা হচ্ছে, সে বিষয়ে আলোচনা হয়। আলোচনায় আশা প্রকাশ করা হয়, এ বিনিয়োগের মাধ্যমে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার টেকসই সমাধান হবে এবং বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে। এছাড়া সাক্ষাৎকালে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ, তরুণদের সম্পৃক্ততায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন