প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার কারণে শনিবার রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপে পানি ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
একই দিনে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকজন নিহত হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী অন্তত পাঁচজন নিহত হয়েছে।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মস্কো-সমর্থিত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, "স্থানীয় বিদ্যুৎ গ্রিডে ড্রোন হামলার কারণে ‘বিদ্যুৎ ও পানি সরবরাহে বিধিনিষেধ আরোপ করা হয়েছে’।"
তবে তিনি উল্লেখ করেননি, কতটি পরিবার এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্রিমিয়ায় ২৫ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া উপদ্বীপটি দখল করে নেয়। এরপর থেকে ক্রিমিয়া নিয়মিত ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে।
এদিকে, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের একটি এলাকায় ইউক্রেনের পৃথক হামলায় মস্কো-সমর্থিত কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর দেশটির ২০টির বেশি অঞ্চলে ৬১৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
দিনের বেলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রিয়ানস্ক সীমান্ত এলাকায় ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর ইয়েগর কোভালচুক।
তিনি টেলিগ্রামে আরও জানান, ক্লিমোভস্কি জেলায় ড্রোন হামলায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
পোগারস্কি জেলায় একটি কৃষিপ্রতিষ্ঠানের মিনিবাসে ড্রোন আঘাত হানলে দুই ব্যক্তি নিহত হন এবং আহত হন আরও দুজন।
এ ছাড়া, ক্লিমোভো গ্রামের একটি বিপণিবিতানে ড্রোন হামলায় দুজন আহত হন। ক্লিনৎসভস্কি জেলায় একটি আবাসিক ভবনে হামলায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরিওল অঞ্চলে শুক্রবার রাতে একটি কারখানায় হামলার পর ধ্বংসস্তূপ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তলিয়াত্তি শহরেও ব্যাপক ড্রোন হামলা হয়েছে, যার ফলে ভলগা নদীর তীরবর্তী শহরটির শিল্প অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র ইলিয়া সুখিখ।
অন্যদিকে, ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গানজা জানান, সিনেলনিকোভে শহরে রুশ ড্রোন হামলায় তিনজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। হামলায় একটি বহুতল ভবনের চতুর্থ তলায় আগুন ধরে যায়।
আহতদের মধ্যে ১১ বছর বয়সী এক মেয়েও রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।
এদিকে সুমি অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি খামারে রুশ ড্রোন আঘাত হানলে ৩১ বছর বয়সী এক নারী নিহত হন এবং এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
খারকিভ অঞ্চলের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে জানান, লোজোভা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন