প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন।
তিনি উল্লেখ করেছেন, বন্দরের উন্নয়নে নতুন এক্সেস প্রজেক্টের একটি ম্যাপ তৈরি করা হয়েছে। এ ছাড়া, পুরো বন্দরে পানি নিষ্কাশনব্যবস্থা, শ্রমিকদের জন্য হাসপাতাল, নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারির ব্যবস্থা গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন এবং বন্দরের অবকাঠামো, পণ্য ওঠানামার স্থান, শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা এবং পানি নিষ্কাশনব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনাপোল বন্দরে একটি বিশাল পরিবর্তন আসবে। নতুন এক্সেস প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছে এবং কোথায় কী করা হবে, সেটির একটি ম্যাপ প্রস্তুত করা হয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে।
পানি নিষ্কাশনব্যবস্থা নিয়ে তিনি জানান, পুরো বন্দরে পানি নিষ্কাশনের ব্যবস্থা গড়ে তোলা হবে। বন্দরের বিভিন্ন স্থানে পানি জমে যাতে কার্যক্রম ব্যাহত না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়ে চেয়ারম্যান বলেন, শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা হবে। বন্দরে কর্মরত বিপুলসংখ্যক শ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
নিরাপত্তা প্রসঙ্গে মানজারুল ইসলাম মান্না বলেন, সিকিউরিটি ১০০ শতাংশ নিশ্চিত করা হবে। পুরো বন্দর সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এর মাধ্যমে বন্দরের বিভিন্ন কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
বন্দরে অনিয়ম ও অসাধু কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করে চেয়ারম্যান বলেন, সকলকে সৎ হতে হবে। যারা কোনো ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বন্দরের স্বাভাবিক কার্যক্রম, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের মধ্যে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রুহুল আমিন হাওলাদার, চেয়ারম্যানের একান্ত সচিব আনিসুল হক, সহকারী পরিচালক পার্থ ঘোষ, আব্দুল হান্নান ও সঞ্জয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া, বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদ আলীসহ সংশ্লিষ্ট শ্রমিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে চেয়ারম্যান বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কথা বলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন