প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার সময় উপজেলার সফিপুর ফ্লাইওভার ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়া বাড়ি এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০), তার স্ত্রী শিমু আক্তার (২৪) এবং তাদের ৮ বছর বয়সী সন্তান আরাফাত ইসলাম শুভ।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে মামুন হোসেন আশরাফুল মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে সফিপুর ফ্লাইওভারের ওপর পৌঁছানোর পর তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা দেয়। এই ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কের ওপর ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
ঘটনার খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও জব্দ করে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। পুলিশ ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত এবং ঘাতক চালককে আটক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন