প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের রায়পুরে একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। খাবারের বকেয়া ২০ হাজার টাকা চাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী দাবি করেছেন, তিনদিন ধরে রেস্টুরেন্টটি বন্ধ থাকায় সেখানে থাকা কাঁচা মালামাল নষ্ট হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (২৮ অক্টোবর) তিনি রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শাহাদাত উপজেলার হায়দরগঞ্জ বাজারের ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরের মালিক। অভিযুক্ত সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী জামায়াত মনোনীত উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং হায়দারগঞ্জ বাজার বড় মসজিদের খতিব।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাওলানা জাহেদ বিভিন্ন সময় ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরে খাবার খেয়েছেন এবং বেশ কয়েকবার মেহমান নিয়ে এসেছেন। অধিকাংশ সময় তিনি বাকিতে খাবার খেয়েছেন, যার ফলে প্রায় ৫ মাস আগে তার ২০ হাজার টাকা বকেয়া হয়। দীর্ঘ সময় পার হলেও তিনি টাকা পরিশোধ করছেন না।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ পাওনা টাকা চাওয়ায় গত ২৭ অক্টোবর ১২-১৩ জন নিয়ে রেস্টুরেন্টে এসে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি রেস্টুরেন্টে তালা দেন এবং কর্মচারীদের প্রতিষ্ঠান থেকে বের করে দেন। ঘটনার কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বলে দাবি করেছেন রেস্টুরেন্ট মালিকপক্ষ।
রেস্টুরেন্টের কর্মচারী মো. রবিন বলেন, ঘটনার দিন সকালে মাওলানা জাহেদ লোকজন নিয়ে এসে রান্নার কক্ষে তালা দেন। রাতে রেস্টুরেন্টের মূল দরজায় তালা দিয়ে আমাদের বের করে দেয়া হয়।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন বলেন, পাওনা ২০ হাজার টাকা চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি দেন। তিনদিন ধরে আমার প্রতিষ্ঠান বন্ধ। আমার কাঁচামালগুলো পচে যাচ্ছে এবং উপার্জনও বন্ধ হয়ে গেছে। এই ঘটনার জন্য আমি সুষ্ঠু বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী বলেন, আমি রেস্টুরেন্টে তালা দিইনি। শাহাদাত নিজেই তার রেস্টুরেন্টে তালা দিয়ে এখন মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমার কাছ থেকে তিনি কোন টাকা পাবেন না। বরং আমি তার কাছ থেকে টাকা পাবো।
ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রতিবেদকের কাছে রয়েছে, তবে তিনি অভিযোগ নিয়ে সদুত্তর দিতে পারেননি।
হায়দারগঞ্জ বাজার কমিটির সদস্য মো. মিস্টার বলেন, জাহেদ ও শাহাদাতের মধ্যে টাকা লেনদেনের বিষয় রয়েছে বলে শুনেছি। এ কারণেই হয়তো দোকানে তালা দেয়া হয়েছে, তবে বিস্তারিত জানা নেই।
রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্মল ত্রিপুরা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষকে শনিবার (৩১ অক্টোবর) থানায় ডাকা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন