প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানে নতুন প্রদেশ গঠন সংক্রান্ত রাজনৈতিক বিতর্ক আরো তীব্র আকার ধারণ করেছে। বুধবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন এবং বলেন, রাজনীতিবিদরা সত্য কথা শুনতে চান না। এ কারণে কেন্দ্রীয় মন্ত্রীরা তার বক্তব্যের বিরোধিতা করছেন।
বিলাওয়াল মন্ত্রিসভার কিছু সদস্যের সমালোচনার প্রতিক্রিয়ায় বলেন, ‘সত্য কথা বলার কারণেই তারা আমার সঙ্গে বিরোধে জড়িয়েছেন। তাদের প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়, তারা সমালোচনা সহ্য করতে পারেন না।’
তিনি প্রশ্ন করেন, ‘রাজনীতিবিদরাই যদি আমার কথা শুনতে না চান, তাহলে সাধারণ মানুষের বক্তব্য সরকারের কাছে কীভাবে পৌঁছাবে?’ কেন্দ্রীয় মন্ত্রীরা সিন্ধু প্রদেশকে ভাগ করার প্রস্তাবের বিরোধিতা করায় বিলাওয়ালের সমালোচনা করেন। তিনি জানান, প্রশাসনিক কার্যক্রমকে আরো সহজ ও কার্যকর করতে ছোট ছোট প্রদেশ গঠন প্রয়োজন, তবে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘জনগণের সমর্থন ছাড়া কোনো রাজনৈতিক বা প্রশাসনিক পরিবর্তন সম্ভব নয়।’ স্বাস্থ্যমন্ত্রী মোস্তফা কামালও ছোট প্রদেশ গঠনকে দেশের কার্যকর শাসনব্যবস্থার জন্য জরুরি বলে উল্লেখ করেন। তালাল চৌধুরীসহ অন্যান্য মন্ত্রীরাও বিলাওয়ালের অবস্থানের সমালোচনা করেছেন এবং তারা পিপিপির আগের অবস্থানের প্রসঙ্গ তুলে ধরেন।
বিলাওয়াল জবাবে বলেন, ‘দেশের পরিস্থিতির উন্নতির জন্য একজন গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে কিছু পরামর্শ দিয়েছি। প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা অন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা না করেই নতুন প্রদেশ গঠনের বিষয়টি সামনে আনা হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক নেতাদের সতর্ক থাকার আহ্বানও জানাই।’
পাকিস্তানে নতুন প্রদেশ গঠন নিয়ে বিতর্কের মধ্যে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, এ বিষয়ে আলোচনা হলে তা সবার অংশগ্রহণে উন্মুক্তভাবে করতে হবে। তিনি দেশের মৌলিক সমস্যাগুলোর দিকে নজর দেওয়ার আহ্বান জানান।
বিলাওয়াল সতর্ক করে বলেন, জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে দেশে এমন অস্থিরতা তৈরি হতে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তিনি আশির ও নব্বইয়ের দশকে সিন্ধু প্রদেশ বিভক্ত করার চেষ্টার প্রসঙ্গও তুলে ধরেন।
সাংবিধানিক সংস্কার প্রসঙ্গে তিনি ২৭তম সংশোধনীর আওতায় সাংবিধানিক আদালত প্রতিষ্ঠাকে ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এটি বাতিলের দাবিতে তিনি সমর্থন দেবেন না। রাজনৈতিক প্রক্রিয়ায় বিরোধীদের আস্থা ফিরিয়ে আনতে তাদের সংরক্ষিত আসন ফিরিয়ে দেওয়ার প্রস্তাবও করেন বিলাওয়াল। তবে তিনি বলেন, এটি কোনো শর্ত নয়, বরং রাজনৈতিক সমঝোতার একটি পরামর্শ।
বিলাওয়াল বলেন, ‘আমি সরকারকে পরামর্শ দিতে পারি, কিন্তু তা মানাতে বাধ্য করতে পারি না।’ নতুন প্রদেশ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার প্রস্তাবগুলোর সমালোচনা করা হচ্ছে কেন, তা জানতে চান।
তিনি সরকারকে সতর্ক করে বলেন, কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঘোষণা করলেই তা বাস্তবায়ন হয়ে যায় না। এর পরিণতিও ভোগ করতে হতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হও’ বললেই কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা একমাত্র আল্লাহর।
জোটসঙ্গীদের সঙ্গে সরকারের আচরণে আপত্তি থাকলেও বিলাওয়াল জানান, তিনি সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাফল্য চান। তার মতে, জনগণের প্রধান প্রত্যাশা হলো অর্থনৈতিক সমস্যার সমাধান।
একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, পিপিপির রাজনৈতিক ভবিষ্যৎ গভর্নর বা সিনেট চেয়ারম্যানের মতো পদের ওপর নির্ভরশীল কি না। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে থাকায় তাঁকে রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচনা করা যায় কি না, সেই প্রশ্নও তোলেন বিলাওয়াল।
তিনি বলেন, পাকিস্তানের প্রতিটি প্রধানমন্ত্রীকে চোর হিসেবে আখ্যা দেওয়ার বিষয়টি মেনে নেওয়া কঠিন। তিনি এমন একটি দিন দেখতে চান, যেদিন কোনো প্রধানমন্ত্রী দায়িত্ব শেষে কারাগারে যাবেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন