প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: বাংলাদেশ ও কানাডা দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে। ২০২৫ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ৪০০ কোটি কানাডীয় ডলার অতিক্রম করার ফলে উভয় দেশ অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন সুযোগ খুঁজে দেখছে।
আজ ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শের ষষ্ঠ বৈঠকে এই অঙ্গীকার করা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।
এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় দেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের দ্রুত প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে। ২০২৫ সালে দুই দেশের বাণিজ্য প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪০০ কোটি কানাডীয় ডলার ছাড়িয়ে যায়।
বৈঠকে কৃষি, জ্বালানি, নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
দুই দেশ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিদ্যমান দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসায়িক পর্যায়ে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বৈঠকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের মসৃণ ও টেকসই উত্তরণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
সফল উত্তরণ নিশ্চিত করতে দুই দেশ কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। কানাডা ২০৩২ সাল পর্যন্ত তাদের প্রাসঙ্গিক অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থার আওতায় বাংলাদেশের পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার ইচ্ছা পুনর্ব্যক্ত করে।
অর্থনৈতিক সুশাসন জোরদার, বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ ও বেসরকারি খাতের বিকাশের অনুকূল পরিবেশ তৈরির বিষয়েও আলোচনা হয়।
দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্ব পর্যালোচনায় কানাডা জানায়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬৩০ কোটি কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা প্রদান করেছে।
গত অক্টোবরে বাংলাদেশ সফরকালে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের ৪ কোটি ৫০ লাখ কানাডীয় ডলারের উন্নয়ন সহায়তা ঘোষণার বিষয়টিও উল্লেখ করে কানাডার পক্ষ।
এই সহায়তার লক্ষ্য বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে উভয়ের জন্য লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিতে উদ্ভাবন।
দক্ষতা উন্নয়নে টিভিইটি, জ্ঞান বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্বের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর সুযোগও খুঁজে দেখছে দুই দেশ।
বৈঠকে অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশ ও কানাডা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক এবং বাংলাদেশে আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
দুই দেশ বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়টি স্বীকার করে। একই সঙ্গে ২০১৭ সাল থেকে রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রমে কানাডার ৭০ কোটি কানাডীয় ডলারের বেশি অবদানের কথা উল্লেখ করে।
রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশ।
গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানায় দুই দেশ। দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট মোকাবিলার প্রচেষ্টায় এ রায়ের গুরুত্বও তুলে ধরে তারা।
বাংলাদেশ-কানাডা সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে আস্থা প্রকাশ করে দুই পক্ষ। অর্থনৈতিক, উন্নয়ন, বহুপক্ষীয় ও ভূরাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও জোরদার করতে তারা একমত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন