প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত উন্নত জাত ও কৃষি প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা ও গবেষকরা। খুলনা অঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা উল্লেখ করেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল অঞ্চলে উৎপাদনের জন্য আম, তরমুজ, শিম, টমেটো, চুইঝাল, মাল্টা, বিভিন্ন শাকসবজি, পান, কুল, কদবেল, সফেদা, ভুট্টা, সূর্যমুখী, ড্রাগন ফল ও পানিফলসহ বিভিন্ন ফসলের ব্যাপক সম্ভাবনা বিদ্যমান। তবে, এ অঞ্চলের কৃষির জন্য লবণাক্ততা, জলাবদ্ধতা ও খাল দখল অন্যতম প্রতিবন্ধকতা। এসব সমস্যা সমাধানে লবণসহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন ও সম্প্রসারণে বিনার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বুধবার (১৮ নভেম্বর) খুলনায় ‘বিনার উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ ও বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় বক্তারা এসব বিষয় তুলে ধরেন।
এ কর্মশালাটি বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার ‘বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প’-এর আওতায় অনুষ্ঠিত হয়। খুলনা অঞ্চলের কৃষক, উদ্যোক্তা, সার ডিলার, জেলা ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বিএডিসি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ১৭টি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। বক্তারা বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের বীজ ও কৃষি গবেষণায় ব্যবহৃত যন্ত্রপাতির সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচিত করেন।
এছাড়া, স্থানীয় কৃষির সম্ভাবনা, সমস্যা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিকও আলোচিত হয়। বক্তারা বলেন, বিনার উদ্ভাবিত লবণসহিষ্ণু জাত এ অঞ্চলের কৃষির জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এর ফলে প্রতিকূল পরিবেশেও ফসল উৎপাদনের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। কৃষিতে এসব জাত ও প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ করা গেলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আয় ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তারা আরও উল্লেখ করেন, সূর্যমুখি চাষের ক্ষেত্রে বাগেরহাটের শরণখোলা একটি সম্ভাবনাময় উৎপাদনকেন্দ্র হিসেবে আবির্ভূত হতে পারে। অন্যদিকে, ডুমুরিয়ার শাহস ইউনিয়নে সূর্যমুখি চাষে সাফল্য বৃদ্ধি পাচ্ছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষকদের মধ্যে উন্নত জাত ও আধুনিক চাষাবাদ প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ডিএই) মো. নজরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার উপ-প্রকল্প পরিচালক ড. মো. আশিকুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. মোসাদ্দেক হোসেন, খুলনা কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. সাইফুল ইসলাম, বাগেরহাটের মো. মোতাহার রহমান এবং নড়াইলের মুহাম্মদ আরিফুল ইসলামসহ কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ড. মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ডিএই) মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সঞ্চালিত হয় এবং এতে সহযোগিতা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন