প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় তার শারীরিক গঠন নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন। সাংবাদিকের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করার কারণে ট্রাম্প ওই সাংবাদিককে ‘অসুস্থ’, ‘জঘন্য’ এবং ‘দেখতে ভয়াবহ’ বলে মন্তব্য করেন। এমনকি তিনি সাংবাদিককে নিজের শরীরের যত্ন নেওয়ার পরামর্শও দেন।
এই ঘটনা স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঘটে। সাংবাদিকটি সম্প্রতি কানসাস ও আইওয়াতে পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিলের সিদ্ধান্ত এবং ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কথোপকথনের শুরুতে সাংবাদিক জানতে চান, টানা কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার চালানোর পর অসুস্থ বোধ করায় ট্রাম্প কানসাস সফর বাতিল করেছেন কি না।
এ প্রশ্ন শুনেই ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি সাংবাদিককে বলেন, ‘এমন প্রশ্ন করতে গিয়ে আপনিই অসুস্থ। আপনি অসুস্থ।’ সাংবাদিক জানায়, তিনি কেবল প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। কিন্তু ট্রাম্প তার প্রশ্নের উত্তর না দিয়ে সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করতে শুরু করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকের কথা বলার ভঙ্গিও নকল করেন।
ট্রাম্প বলেন, ‘এই লোকটিকে দেখুন। তার শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়।’ এরপরও সাংবাদিক যখন জানতে চান, প্রেসিডেন্ট সুস্থ আছেন কি না, তখন ট্রাম্প দাবি করেন, তার স্বাস্থ্য একদম ভালো। তিনি বলেন, ‘আমি গত দুই সপ্তাহ ধরে নিজের অবস্থার দিকে নজর রাখছি। আমার একদম ভালো লাগছে।’
এরপর সাংবাদিককে উদ্দেশ্য করে ট্রাম্প আরও ব্যক্তিগত আক্রমণ করেন। তিনি বলেন, ‘আপনি জঘন্য। নিজের শরীরের দিকে নজর দিন। আপনাকে দেখতে খুবই খারাপ লাগছে।’ ট্রাম্পের সঙ্গে সাংবাদিকের এই উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে যখন তিনি সপ্তাহান্তে কানসাস ও আইওয়ায় নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেছেন।
আগামী মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওই দুই রাজ্যে রিপাবলিকান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মুখে রয়েছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার কানসাসের সালিনায় এবং রোববার আইওয়ার ডুবুকে শহরে ট্রাম্পের নির্বাচনী সমাবেশ করার কথা ছিল।
কানসাস সফর বাতিলের বিষয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না কানসাসে যাওয়া আমার জন্য জরুরি।’ তবে ওই রাজ্যে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন। পরে রিপাবলিকান ন্যাশনাল কমিটিও আইওয়ার সমাবেশ বাতিলের বিষয়টি নিশ্চিত করে।
সমাবেশ বাতিলের কারণ নিয়ে প্রশ্ন এবং নিজের স্বাস্থ্য নিয়ে সাংবাদিকের অনুসন্ধানের জবাবে ট্রাম্পের এমন ব্যক্তিগত আক্রমণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: গলফ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন