প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাসিঠাট্টা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। মানুষ আনন্দ পেতে চায় এবং অন্যকে আনন্দ দিতে চায়। ইসলামও বৈধ বিনোদন ও পরিমিত হাসি-আনন্দকে নিষিদ্ধ করেনি। কিন্তু আনন্দের নামে অশ্লীলতা, অশালীন অঙ্গভঙ্গি, দ্ব্যর্থবোধক সংলাপ কিংবা অসৌজন্যমূলক আচরণ ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা ও অর্থ উপার্জনের প্রতিযোগিতায় যখন শালীনতার সীমা অতিক্রম করা হয়, তখন বিষয়টি নিছক বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি গুনাহের প্রচার ও সামাজিক অবক্ষয়ের মাধ্যম হয়ে ওঠে।
ইসলামের দৃষ্টিতে এ ধরনের কর্মকাণ্ডের ভয়াবহতা শুধুমাত্র নিজের গুনাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং অন্যকে গুনাহের পথে প্রভাবিত করার দায়ও এর সঙ্গে যুক্ত হতে পারে।
অশ্লীলতা ছড়ানোর ভয়াবহতা : পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আজাব। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না।’ (সুরা নুর, আয়াত : ১৯)
আয়াতটি অশ্লীলতার প্রসারকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। যদিও আয়াতটির অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট ছিল অপবাদ ও অপপ্রচারের ঘটনা, এর শিক্ষা অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার নিন্দার ক্ষেত্রেও প্রাসঙ্গিক। অতএব, যে ব্যক্তি পরিকল্পিতভাবে অশালীন কনটেন্ট তৈরি করে মানুষের মধ্যে তা ছড়িয়ে দেয়, তার উচিত এই সতর্কবাণীকে গভীরভাবে অনুধাবন করা।
হাসির নামে সবকিছু বৈধ নয় : ইসলাম মানুষকে হাসতে নিষেধ করেনি। আমাদের প্রিয় নবী (সা.) মাঝে মাঝে তাঁর সাহাবিদের সঙ্গে হাসতেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, সাহাবিরা বলেন, হে আল্লাহর রাসুল (সা.)! আপনি তো আমাদের সঙ্গে কৌতুকও করে থাকেন। তিনি বললেন, আমি শুধু সত্য কথাই বলে থাকি (এমনকি কৌতুকেও)। (তিরমিজি, হাদিস : ১৯৯০)
অর্থাৎ রসিকতারও নৈতিক সীমারেখা রয়েছে। কাউকে অপমান করা, নারী-পুরুষের শালীনতা নষ্ট করা, অশ্লীল ইঙ্গিত দেওয়া কিংবা যৌন আবেদনপূর্ণ অঙ্গভঙ্গিকে হাসির উপকরণ বানানো বৈধ বিনোদনের অন্তর্ভুক্ত নয়। তবে মানুষ হাসাতে মিথ্যা বলা ধংসাত্মক। (তিরমিজি, হাদিস : ২৩১৫)
প্রত্যেক দর্শক ও শেয়ারের দায় : সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশের পর তা কত মানুষের কাছে পৌঁছাবে, তা নির্মাতার নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু নিজের তৈরি কনটেন্টের মাধ্যমে মানুষকে অন্যায়ের দিকে আহবান করার দায় থেকে তিনি মুক্ত নন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ...আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে, তার ওপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে। এতে তাদের পাপরাশি সামান্য হালকা হবে না। (মুসলিম, হাদিস : ৬৬৯৭)
এর দ্বারা বোঝা যায়, অশ্লীলতা মিশ্রিত ভিডিও বা কনটেন্ট যত বেশি ছড়াবে, নির্মাতার পাপের বোঝা তত বাড়বে। যারা এতে সম্পৃক্ত হবে, তারাও প্রত্যেকে গুনাহগার হবে। সুতরাং সামান্য জনপ্রিয়তা কিংবা কিছু অর্থ উপার্জনের আশায় এমন কনটেন্ট তৈরি করা বুদ্ধিমানের কাজ নয়, যার মাধ্যমে নিজের ও অন্যের গুনাহের পথ প্রশস্ত হয়। নিষিদ্ধ বিষয়বস্তু তৈরির বিনিময়ে পাওয়া উপার্জনও শরিয়তের দৃষ্টিতে বৈধ হতে পারে না।
জনপ্রিয়তার চেয়ে আল্লাহর সন্তুষ্টি বড় : মনে রাখতে হবে, রিজিকের মালিক আল্লাহ। ভাইরাল হওয়া, লাখো অনুসারী কিংবা বিপুল অর্থ উপার্জনই সফলতার মাপকাঠি নয়। একজন মুমিনের কাছে সফলতা হলো হালাল উপার্জন, সুন্দর চরিত্র এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। যার ওপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, দুনিয়ার দৃষ্টিতে তার কিছু না থাকলেও সেই প্রকৃত সফল। আর যে আল্লাহর ক্রোধের শিকার হয়, সে সারা দুনিয়ার মানুষের বাহবা পেলে কিংবা সব সম্পদের মালিক হয়ে গেলেও তার চেয়ে ব্যর্থ কেউ নেই।
তাই যাঁরা এরই মধ্যে অশ্লীল কনটেন্ট তৈরি করেছেন, তাঁদের উচিত অনুতপ্ত হয়ে তাওবা করা, সম্ভব হলে ক্ষতিকর কনটেন্ট সরিয়ে ফেলা এবং ভবিষ্যতে শালীনতার পথে ফিরে আসা। কারণ মৃত্যুর পরও মানুষের কাছে ছড়িয়ে থাকা ক্ষতিকর প্রচারণার প্রভাব থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। নাউজুবিল্লাহ!
অতএব, সাময়িক হাসির বিনিময়ে স্থায়ী ক্ষতির পথ বেছে নেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। মানুষের হাসির পাত্র হওয়ার চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন অনেক বেশি মূল্যবান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন