প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেন দাবি করেছে যে, রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যুদ্ধবিমানগুলো রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলায় ব্যবহার করত। বুধবার ইউক্রেনের জেনারেল স্টাফ এ তথ্য প্রকাশ করেছে। রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
জেনারেল স্টাফের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের সাভাসলেইকা বিমানঘাঁটিতে হামলাটি সংঘটিত হয়। তবে ইউক্রেনের এই দাবির ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, হামলায় তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান এবং দুটি সু-৩৪ ফাইটার-বোম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, মিগ-৩১ বিমান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ব্যবহৃত হয়।
সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোর উপর একের পর এক হামলা চালাচ্ছে। এর মধ্যে লিবিয়ার জলসীমায় রাশিয়ার দুটি জাহাজ এবং ফিনল্যান্ড উপসাগরে দেশটির আরেকটি জাহাজে হামলার ঘটনা রয়েছে। গত সপ্তাহে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সেতুটির সড়ক অংশ ধ্বংসের দাবি করেছে ইউক্রেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে যুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন করে শান্তি প্রচেষ্টা শুরু হলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর রাশিয়ার নতুন হামলা এবং সম্মুখসারির শহরগুলোতে অব্যাহত আক্রমণের জবাবে কিয়েভ মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভেনি খমারা চলতি সপ্তাহে জানিয়েছেন, তাদের বাহিনী রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে। তিনি দাবি করেছেন, গত কয়েক মাসে এ ধরনের ১৬টি উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।
শিল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে তেল পরিশোধনের পরিমাণ ৪৫ শতাংশ কমে গেছে। কিয়েভ জানিয়েছে, রাশিয়া তাদের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করলে কেবল তখনই ইউক্রেনও রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন