প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট, ২১ নভেম্বর, ২০২৬ : জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের একটি জনকল্যাণমুখী কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী আরও বলেন, সরকার মানুষের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগ অসচ্ছল রোগীদের চিকিৎসার ব্যয় কিছুটা হলেও কমাতে সহায়তা করবে।
গতকাল সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাতটি জটিল রোগে আক্রান্ত ৫২ জন অসচ্ছল ব্যক্তির মধ্যে এককালীন আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী সহায়তাপ্রাপ্ত রোগীদের উদ্দেশ্যে বলেন, সরকারের পক্ষ থেকে প্রদত্ত এই সহায়তা তাদের চিকিৎসার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে। অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের মানবিক দায়িত্বের অংশ বলে তিনি উল্লেখ করেন।
এসময়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর জন্য সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, "তাঁর জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।"
২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম কিস্তির এই অর্থ ব্যাংক এশিয়ার মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (বিইএফটিএন) পদ্ধতিতে উপকারভোগীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়। একই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তিও বিতরণ করা হয়।
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসায় সহায়তা প্রদান করার জন্য সমাজসেবা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন