প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত জানিয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে নতুন কোনো তথ্য বা হালনাগাদ নেই। শুক্রবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই তথ্য জানান।
ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক জানতে চান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) অনুরোধের সর্বশেষ অগ্রগতি কী। জবাবে, রণধীর জয়সোয়াল সংক্ষিপ্তভাবে জানান, প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে তাদের কাছে নতুন কোনো আপডেট নেই। তিনি আগের ব্রিফিংগুলোতে ভারতীয় অবস্থানের কথা উল্লেখ করে পুরোনো বক্তব্য অনুসরণ করার অনুরোধ করেন।
এছাড়াও, একই ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ভারতীয় এই মুখপাত্র। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই।
তবে, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে রণধীর জয়সোয়াল বলেন, "আমাদের অবস্থান বরাবরের মতোই অপরিবর্তিত রয়েছে।" তিনি উল্লেখ করেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়, যা দুই দেশের অভিন্ন ইতিহাস ও জনগণের গভীর সাংস্কৃতিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত।
ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আসন্ন গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন এবং মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় নিয়েও কথা বলেন রণধীর জয়সোয়াল। গঙ্গা চুক্তি প্রসঙ্গে তিনি জানান, ভারতের নিজস্ব স্বার্থ অক্ষুণ্ণ রেখেই যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে, আইসিজের রায় নজরে নিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন