প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ৪ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট ও ২০০টি মশারি প্রদান করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হাসপাতালের কাছে হস্তান্তর করা হয়।
বিডিআরসিএসের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং সংক্রমণ প্রতিরোধের জন্য এসব সামগ্রী ব্যবহার করা হবে। এই কার্যক্রমটি আন্তর্জাতিক ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি ফান্ড (ডিআরইএফ) এবং আমেরিকান রেড ক্রসের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন আহমেদ মন্তব্য করেন, গত তিন মাসে হাসপাতালটিতে ৫৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহণ করেছেন। সাধারণ মানুষের জন্য ডেঙ্গু পরীক্ষা সহজলভ্য ও সাশ্রয়ী করতে রেড ক্রিসেন্ট সর্বনিম্ন ফিতে পরীক্ষা পরিচালনা করছে।
বিডিআরসিএসের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, ডেঙ্গু দেশের বিভিন্ন হাসপাতাল ও জনগণের ওপর চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে দ্রুত রোগ শনাক্ত করে সময়মতো প্রতিরোধ ও চিকিৎসা প্রদান করা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যসেবার সম্মুখসারির প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করতেই এ সহায়তা প্রদান করা হচ্ছে।
এর আগে চলতি বছরের জুলাই মাসে ডেঙ্গু দ্রুত শনাক্তকরণের সক্ষমতা বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪০ হাজারের বেশি ডেঙ্গু এনএস১ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট হস্তান্তর করেছে বিডিআরসিএস।
সংস্থাটি জানাচ্ছে, চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে সামগ্রী সরবরাহের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা, স্বেচ্ছাসেবক সম্পৃক্ততা এবং স্বাস্থ্যবিষয়ক প্রচারও তারা চালিয়ে যাচ্ছে। সরকারি কর্তৃপক্ষ ও রেড ক্রস-রেড ক্রিসেন্ট মুভমেন্টের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন