প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত চরম দারিদ্র্যকে প্রায় অতীতের একটি বিষয় হিসেবে বিবেচনা করছে। গত ১৫ বছরে দারিদ্র্য কমানোর ক্ষেত্রে দেশটিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। তবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশটিকে প্রকৃত অর্থে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার বিষয়টি এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
ভারতের অর্থনৈতিক পরিবর্তনের এই চিত্রটি তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর একটি মতামতধর্মী নিবন্ধে।
সদানন্দ ধুমের লেখা নিবন্ধটির শিরোনাম হলো ‘এক্সট্রিম পোভার্টি ইজ আ থিং অব দ্য পাস্ট ইন ইন্ডিয়া’। নিবন্ধের উপশিরোনামে উল্লেখ করা হয়েছে, সমৃদ্ধি অর্জন করা হবে আরো কঠিন কাজ।
নিবন্ধে উল্লেখ করা হয়েছে, যখন বিশ্ব চীনের অর্থনৈতিক উত্থানের দিকে বেশি মনোযোগী, তখন এশিয়ায় আরেকটি বড় অর্থনৈতিক পরিবর্তন অনেকটাই আড়ালে থেকে গেছে। সেটি হলো ভারতের চরম দারিদ্র্য হ্রাসের সাফল্য।
বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্য উদ্ধৃত করে নিবন্ধে বলা হয়েছে, ভারতে বর্তমানে মাত্র ২ শতাংশ মানুষ দৈনিক ৩ ডলারের কম আয়ে জীবনযাপন করছেন। এই আয়সীমা চরম দারিদ্র্য পরিমাপের বৈশ্বিক মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়। অথচ ১৫ বছর আগে ভারতের ২৭ শতাংশের বেশি মানুষ এই সীমার নিচে ছিলেন।
নিবন্ধে এ পরিবর্তনকে ভারতের অর্থনীতির একটি বড় অর্জন হিসেবে তুলে ধরা হয়েছে। হুভার ইনস্টিটিউশনের ফেলো এবং বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিলও বিষয়টিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন।
তবে নিবন্ধটির মূল বক্তব্য শুধু দারিদ্র্য হ্রাসের সাফল্য তুলে ধরা নয়। লেখকের মতে, চরম দারিদ্র্য কমানো এবং ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এক বিষয় নয়। ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো এই অগ্রগতিকে টেকসই করা এবং আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে সমৃদ্ধির সুফল পৌঁছে দেওয়া।
এ লক্ষ্য অর্জনে দেশটিকে আরো বেশি মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক সংস্কারের পথে এগোতে হবে বলে মত দিয়েছেন ধুমে। তার যুক্তি হলো, দারিদ্র্য কমানোর সাফল্য গুরুত্বপূর্ণ হলেও, অর্থনীতির সামগ্রিক সক্ষমতা বাড়ানো ছাড়া ব্যাপক সমৃদ্ধি নিশ্চিত করা কঠিন।
অর্থাৎ, চরম দারিদ্র্য থেকে বিপুলসংখ্যক মানুষকে বের করে আনা ভারতের একটি বড় অর্জন। কিন্তু উন্নত জীবনমান, কর্মসংস্থান ও ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে দেশটিকে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন