প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় এক অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিদ্যালয়ের ১১ শিক্ষক থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত অভিভাবককে পুলিশ আটক করে।
আটক ইউনুস আলী ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। মারধরের শিকার প্রধান শিক্ষক হলেন ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিও নিজের চেয়ারে বসে আছেন। হঠাৎ ইউনুস আলী কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষকের গালে চড় মারেন। পরে অন্যান্য শিক্ষকরা কক্ষে প্রবেশ করে তাকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের একজন ব্যক্তি কক্ষে এসে প্রধান শিক্ষকের ওপর চড়াও হন। তবে প্রধান শিক্ষক মারধরের শিকার হলেও ভিডিওতে অন্যান্য শিক্ষকদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তী পরীক্ষায় অংশ নিতে না পারার খবর পেয়ে ইউনুস আলী প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিওর কক্ষে প্রবেশ করেন এবং কোনো কথা না বলেই মারধর শুরু করেন।
এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১১ শিক্ষক থানায় অভিযোগ দেন। পরে বিকালে অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করে পুলিশ।
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী জানান, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক ইউনুস আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে এবং মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন