প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামে, রাতের অন্ধকারে, ১২ জন কৃষকের প্রায় ১০ বিঘা জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কৃষকদের প্রায় ২ লাখ টাকা বিনিয়োগের পাশাপাশি আসন্ন মৌসুমে ১৫ লাখ টাকার শিম বিক্রির স্বপ্ন ভেঙে গেছে।
মঙ্গলবার সকালে কৃষকেরা যখন জমিতে যান, তখন শিমগাছ কাটা অবস্থায় দেখতে পান। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। কেউই নিশ্চিতভাবে বলতে পারেননি, শত্রুতামূলক কারণে বা অন্য কোনো কারণে এমন ঘটনা ঘটেছে।
স্থানীয়দের মতে, উন্নত জাতের হাইব্রিড শিমের বীজ সংগ্রহ করে আগাম চাষ শুরু করেছিলেন তফিকুল, ছাইদুল, সুলতান, সাহাজুল, মোশারফসহ ১২ জন কৃষক। তারা দীর্ঘদিন ধরে শ্রম ও অর্থ ব্যয় করে শিমগাছের পরিচর্যা করে আসছিলেন। ইতিমধ্যে গাছে ফুল এসেছে এবং শিমও ধরতে শুরু করেছিল। তাদের পরিকল্পনা ছিল, মাত্র দুই সপ্তাহ পর এসব শিম তুলে বাজারে বিক্রি করবেন।
কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ক্ষেতের শিমগাছের গোড়া কেটে দেয়। সকালে জমিতে গিয়ে কৃষকেরা এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তের মধ্যে তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন শেষ হয়ে যায়।
স্থানীয় আতাউল মোল্লা বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। ব্যক্তিগত শত্রুতা থাকলেও ফসলের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
ভুক্তভোগী কৃষক আফছার বলেন, ‘ধারদেনা করে প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে ৩৩ শতক জমিতে শিম চাষ করেছিলাম। ওই জমির শিম বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা আয় করার আশা ছিল। কিন্তু দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে এখন আমি সর্বস্বান্ত। এ ঘটনায় ক্ষতিপূরণ প্রদান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, ‘ঘটনাটি শুনেছি। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গেছেন। কৃষকেরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে কৃষি অফিসের বরাদ্দ ও সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন