প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে ইসলাম অনুসারীর সংখ্যার দিক থেকে খ্রিষ্টধর্মকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। তবে আগামী কয়েক দশকে ইসলাম ও খ্রিষ্টধর্ম উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু ইসলামের অনুসারী বৃদ্ধির হার খ্রিষ্টধর্মের তুলনায় বেশি হবে।
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য বৃদ্ধির চিত্র তুলে ধরা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠানটি ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন বিশ্লেষণ করেছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের বসবাস রয়েছে।
গবেষণায় মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের সঙ্গে সম্পৃক্ত নন—এমন জনগণের ভবিষ্যৎ জনসংখ্যার চিত্র পর্যালোচনা করা হয়েছে।
পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের আওতায় এ গবেষণা পরিচালিত হয়। প্রকল্পটির লক্ষ্য হলো বিশ্বজুড়ে ধর্মীয় পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করা।
তবে পিউ রিসার্চ জানিয়েছে, এসব পূর্বাভাসের উদ্দেশ্য ভবিষ্যতের সব ধরনের পরিবর্তন সম্পর্কে নিশ্চিত ধারণা দেওয়া নয়। বিভিন্ন ঘটনা যেমন আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে।
জনসংখ্যা বৃদ্ধিতে এগিয়ে মুসলিমরা
প্রতিবেদন অনুযায়ী, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বিশ্বের ধর্মীয় জনগণের মধ্যে সর্বাধিক। এই কারণে মুসলিম জনগোষ্ঠী বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী হিসেবে বিবেচিত হচ্ছে।
গবেষণায় দেখা গেছে, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ জন্মহারের ক্ষেত্রে খ্রিষ্টান নারীদের জন্য এ হার ২ দশমিক ৫।
সাধারণত একটি প্রজন্মের জনসংখ্যা প্রতিস্থাপনের জন্য নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্মদানের হার প্রয়োজন হয়।
পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, মুসলিম ও খ্রিষ্টান উভয় জনগণের জনসংখ্যা বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়বে।
তবে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফলে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। অন্যদিকে, খ্রিষ্টান জনগোষ্ঠীতে এ সংখ্যা হতে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ।
কমবে খ্রিষ্টান জনসংখ্যা
ধর্ম পরিবর্তনের কারণে মুসলিম জনগণের তুলনায় খ্রিষ্টান জনগণের জনসংখ্যায় বেশি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম গ্রহণকারী ও ইসলাম ত্যাগকারীর সংখ্যার ব্যবধানের কারণে মুসলিম জনগণের নিট জনসংখ্যা প্রায় ৮০ লাখ কমতে পারে। অন্যদিকে, খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এ ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখ।
খ্রিষ্টধর্ম ত্যাগকারীদের একটি অংশ পরবর্তী সময়ে কোনো ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবেন না। তাদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও থাকতে পারেন।
তবে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইসলাম ধর্মের অনুসারী বৃদ্ধির প্রধান কারণ খ্রিষ্টানদের ইসলাম গ্রহণ নয়। বরং ইসলাম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণকারীর সংখ্যা খ্রিষ্টধর্ম থেকে ইসলাম গ্রহণকারীর সংখ্যার চেয়ে সামান্য বেশি হতে পারে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই বেশি প্রবৃদ্ধি ঘটবে।
পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে বর্তমানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ।
২০৭০ সাল নাগাদ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। এছাড়া, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলমানদের সংখ্যা ধর্মীয় পরিচয়হীন জনগণের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে।
২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সাল নাগাদ এসব দেশে আরো প্রায় ১২০ কোটি মুসলিম যুক্ত হতে পারেন। বিশ্বে মুসলিম জনসংখ্যার মোট সম্ভাব্য বৃদ্ধির ৭৪ শতাংশই ঘটবে এসব দেশে।
উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা উল্লেখ করেছে পিউ রিসার্চ। দেশটিতে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর মধ্য দিয়ে পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে।
অন্যদিকে, খ্রিষ্টান জনগণের জনসংখ্যা বৃদ্ধিও মূলত সেই ১২০টি দেশে কেন্দ্রীভূত থাকবে, যেখানে বর্তমানে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠ।
এসব দেশে খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ৬৩ কোটি বাড়তে পারে, যা বিশ্বজুড়ে খ্রিষ্টান জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির ৯২ শতাংশ।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন