প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত বৃহস্পতিবার চীনের শেনজেন শহরে বৈঠকে বসেন বিশ্বের তিন প্রভাবশালী নেতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একত্রিত হন। বৈঠক শেষে তারা পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এ যুদ্ধ কখনোই করা উচিত নয়।’
প্রায় চার দশক আগে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এবং সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভের দেওয়া একই ঘোষণার পুনরাবৃত্তি ঘটেছে। ১৯৮২ সালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রথমবারের মতো রিগ্যান এই কথা বলেন। পরে ১৯৮৫ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলন শেষে দুই নেতা যৌথ বিবৃতিতে এটি অন্তর্ভুক্ত করেন। সেই সময় থেকেই পারমাণবিক অস্ত্রের ঝুঁকি মোকাবিলায় তাদের এই ঘোষণা ‘রিগ্যান-গর্বাচেভ নীতি’ হিসেবে পরিচিতি পায়। তবে তিন পরাশক্তির এই অঙ্গীকার বাস্তবে কতটা কার্যকর হবে, সে বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে।
রিগ্যানের ভাষণ তৈরির কাজে যুক্ত ছিলেন অ্যালান মেয়ার। তিনি সিএনএনকে বলেন, রিগ্যান ও গর্বাচেভের যৌথ বিবৃতিতে অন্তর্ভুক্ত ওই ঘোষণা ছিল একটি গুরুত্বপূর্ণ প্রভাবক। গর্বাচেভ বিশেষভাবে বক্তব্যটি গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে এটি নিজস্ব গুরুত্ব ও প্রভাব তৈরি করে।
১৯৮৬ সালের অক্টোবরে আইসল্যান্ডের রেইকিয়াভিকে বৈঠকে বসেন দুই নেতা। সেখানে তারা পারমাণবিক অস্ত্র বিলুপ্তির লক্ষ্য নিয়ে আলোচনা করেন এবং উল্লেখযোগ্য অগ্রগতি হয়। তবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার কারণে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। সেই সময় বৈঠকটিকে ব্যর্থ মনে করা হলেও পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়। ১৯৮৭ সালের আইএনএফ চুক্তির আওতায় মধ্যম ও স্বল্পপাল্লার স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের একটি শ্রেণি বিলুপ্ত করা হয়। আর ১৯৯১ সালের স্টার্ট-১ চুক্তির মাধ্যমে দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত ও কমানোর ব্যবস্থা করা হয়।
পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারের নাতি চার্লস ওপেনহাইমার বিশ্বাস করেন, এবারের বৈঠক থেকেও ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি আসতে পারে। তিনি বলেন, তিন নেতার মধ্যে তৈরি হওয়া ‘মানবিক সম্পর্ক’ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমাতে ভবিষ্যতে নীতিগত উদ্যোগের পথ তৈরি করতে পারে।
বাস্তব অগ্রগতি নিয়ে সংশয়
তবে পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা এবারের বৈঠক থেকে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা দেখছেন না। তাদের মতে, রিগ্যান ও গর্বাচেভের রেইকিয়াভিক বৈঠকের আগে জেনেভায় সম্মেলন এবং দীর্ঘদিনের লিখিত আলোচনা হয়েছিল। কিন্তু ট্রাম্প, শি ও পুতিনের এবারের বৈঠকই ছিল এ ধরনের প্রথম আয়োজন।
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক অস্ত্রনীতিবিষয়ক জ্যেষ্ঠ গবেষক টং ঝাও বলেন, রিগ্যান-গর্বাচেভ নীতির প্রতি তিন নেতার যৌথ অঙ্গীকার ‘না থাকার চেয়ে ভালো’। তবে এই ঘোষণা তিন দেশের অভিন্ন স্বার্থের চেয়ে তাদের মধ্যে মতৈক্যের ঘাটতিকেই বেশি স্পষ্ট করেছে।
যৌথ বিবৃতিতে পারমাণবিক ঝুঁকি কমানো ও অস্ত্রের বিস্তার ঠেকাতে সংলাপ চালানোর অঙ্গীকারও করা হয়েছে। তবে বারাক ওবামা প্রশাসনের সাবেক অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা জন উলফস্টালের মতে, সম্মেলনের সুযোগ কাজে লাগিয়ে ট্রাম্প চীন ও রাশিয়ার কাছ থেকে বাস্তবসম্মত অগ্রগতির প্রতিশ্রুতি আদায় করতে পারেননি। সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মপন্থা নির্ধারণ না হলে শুধু আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিতে ফল আসবে না।
নতুন বিশ্বব্যবস্থার বার্তা
পারমাণবিক অস্ত্র নিয়ে অঙ্গীকারের পাশাপাশি বৈঠকটি বিশ্বরাজনীতির ক্ষমতার ভারসাম্য পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা বিশ্বের একক আধিপত্যের অবসান ঘটিয়ে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার যে লক্ষ্য চীন ও রাশিয়ার, এই বৈঠক তা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে।
প্রায় ৯০ মিনিটের বৈঠকে বিশ্বশান্তি ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান তিন নেতা। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে পুতিনকে জবাবদিহির আওতায় আনতে কোনো উদ্যোগ নেননি ট্রাম্প। বৈঠক শেষে বড় কোনো কূটনৈতিক সিদ্ধান্তও আসেনি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বৈঠকটিকে বৃহৎ শক্তিগুলোর সম্পর্কের ‘নতুন মডেলের সূচনা’ হিসেবে বর্ণনা করেছে। শি ও পুতিন মনে করেন, পশ্চিমা বিশ্বের প্রভাব কমছে, অন্যদিকে পূর্বের উত্থান ঘটছে। ট্রাম্পের মতো নিজেদের স্বার্থের প্রতি সহানুভূতিশীল মার্কিন প্রেসিডেন্ট ভবিষ্যতে পাওয়া কঠিন হতে পারে। সে বিবেচনায় বৈঠকটিকে নিজেদের কাঙ্ক্ষিত নতুন বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার পথে বড় অর্জন হিসেবে দেখছেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন