প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালদ্বীপের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদার, পর্যটন শিল্পের বিকাশ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা ও সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়ের বিষয়েও গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার উল্লেখ করেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক এই দ্বিপক্ষীয় বন্ধনকে এগিয়ে নিয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতি দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও মুসলিম ভ্রাতৃত্ববোধের বন্ধন রয়েছে। সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং দ্বিপক্ষীয় সংসদীয় সফর বিনিময় এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্পিকার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলের অনেক নেতা জেল, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্রকামী জনগণ ওই শাসনের অবসান ঘটায়। বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে।
তিনি আরও বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। এবারের সংসদের নারী সংসদ সদস্যরা আগের তুলনায় বেশি প্রশিক্ষিত ও দক্ষ। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন বিদ্যমান। প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপের সংস্কৃতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে সক্ষম।
সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, ককাস গঠন, পর্যটন শিল্পের বিকাশ এবং বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে মতবিনিময় করেন।
এ সময় স্পিকার মালদ্বীপের হাইকমিশনারকে জাতীয় সংসদের আগামী অধিবেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান। সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনার, দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন