প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ও নেপালের মতো দক্ষিণ এশিয়ার শ্রমিকরা জাপানের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশটির খামারগুলোতে দীর্ঘমেয়াদী শ্রমিক সংকটের মোকাবেলায় বিদেশি শ্রমিক নিয়োগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার শ্রমিকদের চাহিদা বাড়ছে। দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষ বিদেশি শ্রমিকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করছে টোকিওভিত্তিক সংস্থা ‘মিরাই’। সংস্থাটি বাংলাদেশিদের কৃষিকাজের জন্য জাপানে পাঠানোর উদ্যোগ নিয়েছে, যা এই প্রথম। ভিয়েতনাম ও ফিলিপাইন থেকে শ্রমিক আসার প্রবাহ কমে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো জাপানের জন্য নতুন শ্রমিকের উৎস হয়ে উঠছে।
গত আগস্টে জাপানের ‘নির্দিষ্ট দক্ষ শ্রমিক’ কর্মসূচির আওতায় কৃষি খাতের পরীক্ষায় উত্তীর্ণ হন মিরাইয়ের অংশীদার একটি স্কুলের দুই বাংলাদেশি শিক্ষার্থী। আগামী কয়েক মাসের মধ্যে তারা জাপানের উত্তর-পূর্বাঞ্চলে কাজ শুরু করবেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশের ময়মনসিংহের ২১ বছর বয়সী মুহাম্মদ আহসান হাবিব জানিয়েছেন, ‘আমি জাপানে যেতে এবং দেশটির কৃষি সম্পর্কে জানতে খুবই আগ্রহী।’ তিনি আরও বলেন, ‘আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুরগির যথাযথ যত্ন নিতে চাই।’
বাংলাদেশের বরিশালের ২০ বছর বয়সী সিয়াম উর রহমানও জাপানে কাজের সুযোগ পেয়ে আনন্দিত। তিনি বলেন, ‘জাপানে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। সেখানে গিয়ে কঠোর পরিশ্রম করতে চাই।’ তিনি জাপানের তুষার দেখার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
জাপান সরকারের তথ্য অনুযায়ী, দেশটির কৃষি খাতে ‘টাইপ-১’ বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি শ্রমিকের সংখ্যা গত বছরের জুনের তুলনায় ২৬ শতাংশ বেড়ে ৪৪ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। এই श्रেণির শ্রমিকেরা সাধারণত সর্বোচ্চ পাঁচ বছর জাপানে থাকার অনুমতি পান। বাংলাদেশি দুই প্রার্থী মুহাম্মদ আহসান হাবিব ও সিয়াম উর রহমানও এই কর্মসূচির আওতায় জাপানে কাজ করবেন।
জাপানের ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির তথ্য অনুযায়ী, কৃষি খাতে বিদেশি শ্রমিকের সংখ্যা অনুযায়ী শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটি থেকে আসা শ্রমিকের সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১৮ হাজার ২৫৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া নেপাল থেকে আসা শ্রমিকের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ৯১৬ জন, শ্রীলঙ্কা থেকে ৬০ শতাংশ বেড়ে ৬৩৮ জন এবং বাংলাদেশ থেকে ১২৭ শতাংশ বেড়ে ৩৩৪ জনে পৌঁছেছে। অর্থাৎ, তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ থেকে আসা শ্রমিকের সংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি।
মিরাই-এর মূল কোম্পানি ‘সাসটেইনেবল হোল্ডিংস’-এর ক্যারিয়ার অ্যাডভাইজরি বিভাগের জেনারেল ম্যানেজার ইউজি নোমুরা জানিয়েছেন, ভিয়েতনাম, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে মজুরি বেড়ে যাওয়ার কারণে, সেসব অঞ্চল থেকে কৃষি শ্রমিকদের জাপানে নিয়ে আসার ক্ষেত্রে জাপান ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।
কিয়োদো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নোমুরা বলেন, ‘আমরা এখন শ্রমশক্তির উৎসের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দিকে ঝুঁকে পড়ছি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বড় কোনো কৃষিপ্রধান দেশ না হলেও, এটি একটি কৃষিভিত্তিক রাষ্ট্র, যেখানে প্রায় ১৭ কোটি মানুষের বসবাস এবং উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে।’
২০১৮ সাল থেকে সাসটেইনেবল হোল্ডিংস, মিরাই-এর মাধ্যমে এশিয়াজুড়ে বিদেশি কর্মীদের জন্য প্রশিক্ষণ ও তাদের ধরে রাখার কর্মসূচি পরিচালনা করে আসছে। কোম্পানিটির অংশীদার শিক্ষা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ ও মিয়ানমার জুড়ে বিস্তৃত। এছাড়া শ্রীলঙ্কা ও নেপালকেও এই তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে।
১৮ থেকে ৩০ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে নারীরা সাধারণত সেবা প্রদানকারী (কেয়ারগিভিং) পেশার দিকে আগ্রহী হন, আর পুরুষরা কৃষিকাজ বেছে নেন। নোমুরার ভাষ্যমতে, কৃষিখাতে ‘নির্দিষ্ট দক্ষ কর্মী’ (স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার) হিসেবে স্বীকৃতি পেতে হলে প্রার্থীদের জাপানি ভাষার ‘এন৪’ পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং কৃষিসংক্রান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় সফল হতে হয়।
তিনি বলেন, ‘জাপান উন্নত কৃষিপ্রযুক্তির জন্য পরিচিত। এ কারণে অনেকেই জাপানে কাজের অভিজ্ঞতা অর্জনের পর অস্ট্রেলিয়া বা ইসরায়েলের খামারে কাজ করেন। আবার কেউ কেউ নিজ দেশে ফিরে কৃষিভিত্তিক ব্যবসা শুরু করেন।’ বাংলাদেশে মিরাইয়ের তিনটি সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলো ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে অবস্থিত। এসব প্রতিষ্ঠানে জাপানে কাজ করতে আগ্রহীদের ভাষা ও প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
ঢাকার একটি সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠানে জাপানি ভাষাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন জাপানি প্রশিক্ষক নূর নবি নোরিকো। হাবিব ও রহমান জাপানি ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন। তাদের এই সাফল্যকে নিজের জন্য ‘অত্যন্ত আনন্দের’ বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশে দুই দশক ধরে বসবাস করছেন নূর নবি। এ সময়ে স্থানীয় মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। তার মতে, বিদেশি কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিতে হলে সাংস্কৃতিক পরিচয়, জীবনযাপন ও মানসিকতা সম্পর্কে ভালোভাবে জানা জরুরি।
তিনি আরো বলেন, জাপানে বিদেশি কর্মীদের জন্য এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা নিরাপদে দীর্ঘদিন কাজ করতে পারবেন এবং নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ পাবেন।
জনসংখ্যার বার্ধক্যসহ বিভিন্ন কারণে জাপানের কৃষি খাতে দীর্ঘদিন ধরে শ্রমিক সংকট চলছে। এ সংকট মোকাবিলায় দেশটি বিদেশি কর্মীদের ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত জাপানের কৃষি খাতে ‘টাইপ-১’ ও ‘টাইপ-২’ বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী এবং কারিগরি প্রশিক্ষণার্থী মিলিয়ে মোট ৬৭ হাজার ৯০৫ জন বিদেশি কাজ করেছেন। এর মধ্যে ‘টাইপ-২’ কর্মীরা নির্দিষ্ট সময়সীমা ছাড়াই জাপানে থাকার সুযোগ পান।
জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির কৃষি খাতে কর্মরত ৩৯ হাজার ২৩৪ জন নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীর ৬০ শতাংশের বেশি এসেছেন ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে।
তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও শ্রমবাজারের পরিবর্তিত পরিস্থিতির কারণে জাপানে দক্ষিণ এশিয়ার কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।
সাসটেইনেবল হোল্ডিংসের পরিচালক নোরিয়ুকি তাকাকুরা জানিয়েছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মানুষ নিষ্ঠাবান ও পরিশ্রমী হিসেবে পরিচিত। এ কারণে জাপানে তাদের বেশ ভালোভাবে গ্রহণ করা হচ্ছে।
তিনি জানান, সাসটেইনেবল হোল্ডিংস এশিয়ার বিভিন্ন দেশে মিরাইয়ের সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছে। পাশাপাশি, জাপানে পৌঁছানোর পর তাদের আবাসনের ব্যবস্থা করতেও সহায়তা করছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে জানিয়ে তাকাকুরা বলেন, ‘আমরা পর্যায়ক্রমে প্রতিটি দেশে কৃষিবিষয়ক প্রশিক্ষণের পরিধি বাড়াব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন