প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবন্দি থাকা বাগেরহাটের মোংলার বাদল ফরাজী প্যারোলে মুক্তি পেয়েছেন চার সপ্তাহের জন্য।
ভারত থেকে বাংলাদেশে আসা এই ভুক্তভোগী মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তাকে বাগেরহাট পুলিশ প্যারোলের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করবে।
তথ্য অনুসারে, ২০০৮ সালে তাজমহল দেখতে পর্যটক ভিসায় ভারতে গিয়ে বাদল ফরাজী গ্রেফতার হন। পরে তাকে দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সি নির্মলা মাদান হত্যা মামলার আসামি ‘বাদল সিং’ হিসেবে শনাক্ত করে গ্রেফতার করা হয়। বাদল ফরাজীর দাবি ছিল, তিনি সেই ব্যক্তি নন। ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং পরের মাসে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দিল্লি হাইকোর্টও পরবর্তীতে সেই সাজা বহাল রাখেন। বাদল প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দি ছিলেন, সেখানে তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন।
২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। দেশে ফেরার পর তার মুক্তির বিষয়ে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেয়া হলেও তা কার্যকর হয়নি।
মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা দীর্ঘদিন ধরে বাদলের মুক্তির দাবিতে কাজ করেছেন। লেখক রাহিতুল ইসলাম বাদল ফরাজীকে নিয়ে ‘বাদলের কারাবাস’ নামে একটি উপন্যাস লেখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বইটি প্রকাশের ঘোষণা আসে। উপন্যাসটি প্রকাশের পর বাদলের মুক্তির দাবি আরও জোরালো হয়।
জেলা প্রশাসক সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদল ফরাজীর প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন মঞ্জুর করেন। আদালত সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করে প্যারোল বা ফার্লো কার্যকরের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন দফতরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। সবশেষ গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে গাজীপুরের জেলা প্রশাসককে বাদল ফরাজীকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। বাদল কারাগারে থাকতেই তার বাবা মারা যান এবং তার বৃদ্ধ মা এখন চলাফেরা করতে পারেন না।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮ টার দিকে বাদল ফরাজীকে মুক্তি দেয়া হয়েছে। তাকে বাগেরহাটের উদ্দেশ্যে পুলিশ নিয়ে গেছে, সেখানে বাগেরহাট পুলিশ প্যারোলে পরিবারের কাছে হস্তান্তর করবে।
গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বাদল ফরাজিকে ১২ ঘণ্টার পরিবর্তনে ৪ সপ্তাহের প্যারোলে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন