প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। সশস্ত্র বাহিনীর ইতিহাস বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল।
আগামীকাল ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা তুলে ধরেন।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটি সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।
তারেক রহমান বলেন, “২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমানবাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধা সামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।”
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর ইতিহাসে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও সংকল্পবদ্ধ শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির জন্য একটি গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন।
তিনি আরও বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করেছে। শান্তিরক্ষায় বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা বাহিনীটিকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদাতৎপর আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। তিনি সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ধারা অব্যাহত ছিল।
তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।
তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব এবং জনগণের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাফল্যের যাত্রা অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, শুধুমাত্র ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই নয়, ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী প্রেরণে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি জাতির জন্য গৌরবের। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
সবশেষে প্রধানমন্ত্রী ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন