প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানাডা বাংলাদেশের জন্য ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে, যা বাণিজ্যক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডার ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ সভায় এই বিষয়গুলি আলোচনায় আসে।
বৈঠকে জানানো হয় যে, বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২৫ সালের মধ্যে প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়ে যাবে। একই সঙ্গে কানাডা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই উত্তরণ নিশ্চিত করতে জিএসপি সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে।
সভায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ দশকের বেশি সময়ের সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এ সময় কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।
এলডিসি উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশের প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর উভয় পক্ষের প্রতিনিধিরা গুরুত্বারোপ করেন। এ সময় কানাডা বাংলাদেশের পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত বাজারসুবিধা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কানাডার দীর্ঘদিনের ভূমিকা বৈঠকে তুলে ধরা হয়। কানাডার পক্ষ থেকে জানানো হয় যে, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়া, ২০২৬ সালের অক্টোবরে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের বাংলাদেশ সফরের সময় ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের সহায়তা ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়। বাংলাদেশের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উদ্ভাবনে পারস্পরিক অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।
দুই দেশের মধ্যে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, জ্ঞান বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। বৈঠকে অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু স্থান পায়।
রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে কানাডা। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডা ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা প্রদান করেছে বলেও জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন