প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পূর্ব লন্ডনের ইলফোর্ড সাউথ এলাকায় সহিংসতার ঘটনার পর যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতির চর্চা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন লেবার পার্টির এমপি জাস আথওয়াল।
তিনি সতর্ক করে বলেছেন, ব্রিটেনের রাজপথে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের কোনো স্থান নেই। আথওয়াল বলেন, ‘বাংলাদেশি রাজনীতি বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। যুক্তরাজ্যে এ ধরনের রাজনীতির কোনো জায়গা নেই।’
সোমবার রাতে লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের কর্মীদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আথওয়াল এ মন্তব্য করেন। উল্লেখ্য, যুক্তরাজ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আথওয়াল জানান, সোমবার দিনের শুরুতে তিনি পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে সরাসরি বিষয়টি তুলে ধরেন এবং তাকে সহিংসতার ভিডিও ফুটেজ দেখান।
আথওয়াল বলেন, পররাষ্ট্রমন্ত্রী এখন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে তা তুলে ধরার আশ্বাস দিয়েছেন। মিলিব্যান্ডের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় তিনি মর্মাহত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরবেন বলে জানিয়েছেন।’
বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে ব্রিটেনের ভূমিকা রাখার দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন লেবার পার্টির এমপি জাস আথওয়াল। যুক্তরাজ্যকে ‘সকল গণতন্ত্রের জননী’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশি রাজনীতিকে কেন্দ্র করে ব্রিটেনে সহিংসতা ছড়িয়ে পড়া কারও জন্যই ভালো ফল বয়ে আনছে না। বরং এর ফলে ব্রিটিশ রাজনীতিবিদদের পক্ষে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ ও তাদের সম্প্রদায়ের হয়ে কথা বলা কঠিন হয়ে পড়ছে।
আথওয়াল বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্টে নিজেদের পক্ষে কথা বলার জন্য যারা রাজনীতিবিদদের সহযোগিতা চান, সহিংসতা তাদেরও কোনো উপকারে আসবে না। সহিংসতার মাধ্যমে কোনো দাবি আদায় করা যায় না। বরং এতে অন্যদের সহযোগিতা পাওয়ার পথ আরও কঠিন হয়ে যায়।’
ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মানুষকে আইন মেনে চলা ও পরিশ্রমী হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘কয়েক দশক ধরে, এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সম্প্রদায় যে সুনাম গড়ে তুলেছে, এক রাতের সহিংসতায় তা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা সুনাম এক রাতের উচ্ছৃঙ্খলতায় নষ্ট হয়ে গেছে। ওই রাতে যারা সহিংসতায় জড়িয়েছে, তারা পুরো সম্প্রদায়কে হতাশ করেছে। এটি আমাদের সবার জন্য লজ্জার বিষয়। এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
তিনি আরো বলেন, এ ঘটনার প্রভাব শুধু সহিংসতায় জড়িত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। স্থানীয় বাসিন্দারাও নিজেদের এলাকায় আতঙ্কের মধ্যে পড়েছেন। পরিস্থিতি এমন ছিল যে, অনেকে ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছিলেন।
আথওয়াল বলেন, ‘যেসব স্থানীয় মানুষকে ওই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তাদের কথা ভাবুন। মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছিলেন। একটি সম্প্রদায় হিসেবে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।’
এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডানপন্থী রাজনীতিবিদরা অভিবাসীদের গণহারে নিজ দেশে ফেরত পাঠানোর দাবি তুলছেন। সহিংসতার আগেও তারা এ ধরনের দাবি জানিয়েছিলেন। সাম্প্রতিক ঘটনা অভিবাসনবিরোধীদের এসব দাবির পক্ষে নতুন যুক্তি তুলে ধরার সুযোগ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আথওয়াল বলেন, ‘ডানপন্থী রাজনীতিবিদরা এই ঘটনার সমালোচনা করছেন এবং গণহারে অভিবাসীদের ফেরত পাঠানোর দাবি জানাচ্ছেন। সহিংসতার আগেও তাঁরা এমন দাবি তুলেছিলেন। তাই আমাদের সতর্ক থাকতে হবে, যাতে তাদের এমন দাবি জানানোর কোনো অজুহাত তৈরি করে না দিই।’
তিনি আরো সতর্ক করেন, কয়েকজন ব্যক্তির সহিংস কর্মকাণ্ডের দায় পুরো ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের ওপর চাপানো উচিত নয়। বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে পুরো সম্প্রদায়কে একইভাবে বিচার করা কিংবা যুক্তরাজ্যে তাদের বসবাস নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেওয়া যাবে না।
আথওয়াল বলেন, ‘ডানপন্থী রাজনীতিবিদদের এমন কথা বলার সুযোগ দেওয়া উচিত নয় যে, আমরা সবাই একই রকম এবং নিজেদের সংস্কৃতি নিয়ে আমাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়া উচিত।’
আথওয়াল বলেন, ব্রিটেন বাংলাদেশি প্রজন্মের মানুষদের উন্নত জীবন গড়ার সুযোগ দিয়েছে। তাই তিনি বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি ব্রিটেনের মূল্যবোধকে সম্মান করার এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা আরও ভালো জীবন ও উন্নত জীবনযাপনের আশায় ব্রিটেনে এসেছিলাম।
ব্রিটেন আমাদের প্রতি অত্যন্ত সদয় হয়েছে। এখন আমাদের উচিত দেশটির মূল্যবোধকে সম্মান করা এবং নিজেদের দায়িত্ব পালন করা। কারণ, আমাদের সন্তান ও পূর্বপুরুষদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।’
সহিংসতার ঘটনায় আথওয়াল জানান, তিনি মেট্রোপলিটন পুলিশকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়ার অনুরোধ করেছেন। পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখতে রেডব্রিজ কাউন্সিলকেও বলেছেন। এলাকায় কাউন্সিলের জননিরাপত্তা দল নিয়মিত টহল দেবে। তিনি বলেন, ‘আমি বলেছি, তদন্তে যেন কোনো কিছুই বাদ না যায়। সব দিক খতিয়ে দেখতে হবে। কারণ, এ ধরনের সহিংসতা আর ঘটতে দেওয়া যায় না।’
স্থানীয় এলাকায় শান্তি বজায় রাখাকে সবার সম্মিলিত দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এই সহিংসতা বৃহত্তর বাংলাদেশি সম্প্রদায়, রেডব্রিজ কিংবা তাঁর নির্বাচনী এলাকা ইলফোর্ড সাউথের প্রকৃত চিত্র নয়। আথওয়াল বলেন, ‘এটা আমরা নই। এটা বাংলাদেশি সম্প্রদায় নয়, রেডব্রিজ নয়, এমনকি ইলফোর্ড সাউথও নয়।’ একই সঙ্গে তিনি স্বীকার করেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ও সেতুবন্ধন আরো শক্তিশালী করতে এখনো কাজ করার সুযোগ রয়েছে।
তাৎক্ষণিক পরিস্থিতির বাইরে গিয়ে আথওয়াল ব্রিটিশ-বাংলাদেশিদের নিজেদের ইতিহাস এবং ব্রিটেনের জন্য আগের প্রজন্মের অবদানের কথা স্মরণ করে গর্ববোধ করার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বাকিংহাম প্যালেসের কাছে অবস্থিত কমনওয়েলথ মেমোরিয়াল গেটস এবং ব্রিটেনের বিভিন্ন যুদ্ধে বাংলাদেশি পুরুষদের অংশগ্রহণ ও আত্মত্যাগের কথা তুলে ধরেন।
এ ছাড়া ব্রিটিশ-বাংলাদেশিদের বিভিন্ন অবদানের কথাও উল্লেখ করেন তিনি। বিশেষ করে জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) চিকিৎসক ও নার্স হিসেবে কাজ করা ব্যক্তিদের পাশাপাশি দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় সম্প্রদায়ের সেবায় নিয়োজিত মানুষদের অবদানের প্রশংসা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন