প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের সামরিক ঘাঁটি, সীমান্ত এলাকা, বিমানঘাঁটি ও কৌশলগত স্থাপনার ওপর সার্বক্ষণিক নজরদারি চালানোর জন্য মহাকাশে একটি যৌথ নেটওয়ার্ক গড়ে তুলছে চীন ও পাকিস্তান। দুই দেশের স্যাটেলাইটগুলো এমনভাবে কাজ করছে, যাতে একটি উপগ্রহের নজরদারির আওতা শেষ হওয়ার আগেই অন্যটি সেই এলাকায় নজরদারির দায়িত্ব নিতে পারে। ফলে ভারতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর প্রায় অবিচ্ছিন্ন নজর রাখার সক্ষমতা তৈরি হচ্ছে।
বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগন্তরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে দিগন্তরার এই গবেষণার তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে ভারত-পাকিস্তান সংঘাতের সময় দুই দেশের মহাকাশভিত্তিক সহযোগিতা আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ওপর নজর রাখতে চীনা স্যাটেলাইটের তথ্য ব্যবহার করা হয়ে থাকতে পারে।
প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, ভারত-পাকিস্তানের ৮৮ ঘণ্টার সামরিক সংঘাতের সময় চীনের উচ্চক্ষমতাসম্পন্ন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াওগান-৪১ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াওগান-৪১ এমন একটি দ্বৈত ব্যবহারযোগ্য স্যাটেলাইট, যা ভারতীয় উপমহাদেশের ওপর নিয়মিত নজরদারি চালাতে সক্ষম। অপারেশন সিঁদুরের সময় ভারতের বিমানঘাঁটিগুলোর ওপর নজরদারিতে এটি ব্যবহৃত হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
দিগন্তরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান মোট ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি স্যাটেলাইট চীনা রকেটে এবং চীনের উৎক্ষেপণকেন্দ্র থেকে মহাকাশে পাঠানো হয়েছে।
এই পাঁচটি স্যাটেলাইট হলো—
- পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-আর্থ অবজারভেশন-১
- পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-২ - এইচএস-১
- পিআরএসসি-ইও২
-পিআরএসসি-ইও৩
প্রতিবেদন অনুযায়ী, এসব স্যাটেলাইটের আলাদা আলাদা নজরদারি সক্ষমতা থাকলেও সেগুলো চীনের বিদ্যমান মহাকাশ নেটওয়ার্কের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে।
দুই দেশের স্যাটেলাইটের সম্মিলিত সক্ষমতায় ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্তবর্তী স্থাপনা, বিমানঘাঁটি, নৌঘাঁটি এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদের ওপর আরও নিয়মিত নজর রাখা সম্ভব।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জন্য চীনের পাঁচটি স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের সামরিক সম্পদের ওপর নজরদারি এবং সামরিক তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়িয়েছে।
এ ধরনের ব্যবস্থাকে সামরিক পরিভাষায় আইএসটিএআর বলা হয়। এর মাধ্যমে স্যাটেলাইট, ড্রোন, বিমান, রাডার, স্থলভিত্তিক সেন্সর ও গোয়েন্দা নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য একত্র করে প্রতিপক্ষের সামরিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, মহাকাশে চীনের সক্ষমতা দ্রুত বাড়তে থাকায় ভারতকেও নিজেদের স্যাটেলাইট ও মহাকাশ নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।
২০১৮ সাল থেকেই চলছে মহাকাশ সহযোগিতা
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম ২০২৫ সালে শুরু হয়নি। ২০১৮ সাল থেকেই দুই দেশের মধ্যে এ সহযোগিতা চলছে।
সে সময় থেকেই পিআরএসসি-ইও১, পাকস্যাট এমএম১, আইকিউব-কিউ, পিআরএসএস-১ এবং পাক টিইএস-১এ-এর মতো স্যাটেলাইট ভারতের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ওপর নজরদারির সক্ষমতা তৈরিতে যুক্ত হয়েছে।
এই স্যাটেলাইটগুলোর কক্ষপথ এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে একটি স্যাটেলাইট কোনো নির্দিষ্ট এলাকার ওপর থেকে সরে গেলে অন্যটি সেই এলাকার ওপর নজর রাখতে পারে। আবার একই অঞ্চলকে বিভিন্ন দিক থেকেও পর্যবেক্ষণ করা সম্ভব।
ফলে চীনের বিশাল স্যাটেলাইট নেটওয়ার্কের নজরদারির আওতায় যেসব ছোটখাটো ফাঁক রয়েছে, পাকিস্তানের স্যাটেলাইটগুলো সেগুলো পূরণ করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের পিআরএসএস যেভাবে কাজ করে
পাকিস্তানের আর্থ অবজারভেশন স্যাটেলাইট পিআরএসএস-১ ২০১৮ সালের জুলাইয়ে পাক টিইএস-১এ-এর সঙ্গে উৎক্ষেপণ করা হয়। এতে রয়েছে ইলেকট্রো-অপটিক্যাল ইমেজিং প্রযুক্তি। এর মাধ্যমে মূলত দুই ধরনের ছবি সংগ্রহ করা যায়—প্যানক্রোম্যাটিক ও মাল্টিস্পেকট্রাল।
প্যানক্রোম্যাটিক ছবির মাধ্যমে উপযুক্ত পরিবেশে প্রায় এক মিটার আকারের বস্তু বা বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব। অন্যদিকে মাল্টিস্পেকট্রাল প্রযুক্তিতে আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের তথ্য সংগ্রহ করা হয়। এর মাধ্যমে গাছপালা, ভূমির ব্যবহার, জলাশয় ও ভূপৃষ্ঠের অন্যান্য পরিবর্তন শনাক্ত করা যায়।
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে, পিআরএসএস-১ পৃথিবীর যেকোনো স্থানের ছবি চার দিন পরপর সংগ্রহ করতে পারে। অর্থাৎ, সোমবার দিল্লির কোনো এলাকার ছবি তুললে প্রায় চার দিন পর আবার একই এলাকার ছবি তুলতে পারবে স্যাটেলাইটটি।
ইসলামাবাদ ও করাচিতে থাকা গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে এসব ছবি গ্রহণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা হয়।
যোগাযোগ ব্যবস্থাতেও চীনের সহায়তা
২০২৪ সালে উৎক্ষেপণ করা পাকস্যাট-এমএম১ পাকিস্তানের একটি যোগাযোগ স্যাটেলাইট। চীনের সহায়তায় এটি তৈরি করা হয়েছে।
পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার জন্য স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে। এতে সি-ব্যান্ড, কু-ব্যান্ড, কা-ব্যান্ড ও এল-ব্যান্ডের প্রযুক্তি রয়েছে।
এসব প্রযুক্তির মাধ্যমে টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট, ব্রডব্যান্ড, মোবাইল নেটওয়ার্কের সংযোগ এবং স্যাটেলাইটভিত্তিক যোগাযোগসেবা দেওয়া সম্ভব।
অন্যদিকে পিআরএসসি-ইও১ পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট কর্মসূচির অংশ। এর অপটিক্যাল সেন্সরের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন এলাকার ছবি সংগ্রহ করা হয়।
এই স্যাটেলাইটগুলোর প্রযুক্তি ও উৎক্ষেপণে চীনের সহায়তা রয়েছে।
২০২২ সালে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং চীনের প্রতিষ্ঠান চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশনের (সিজিডব্লিউআইসি) মধ্যে একটি চুক্তি হয়। এর আওতায় চীনা রকেট ও প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করে দীর্ঘমেয়াদে একাধিক পাকিস্তানি স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যবস্থা করা হয়।
মহাকাশ নজরদারিতে পাকিস্তানের স্থলভিত্তিক নেটওয়ার্কও উল্লেখযোগ্য।
দিগন্তরার প্রতিবেদনে পাকিস্তানের আরেকটি উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেটি হলো এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেজড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম (এপিওএসওএস)। এটি এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশনের অধীনে পরিচালিত একটি আন্তর্জাতিক মহাকাশ নজরদারি প্রকল্প। এতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এই প্রকল্পে স্থলভিত্তিক অপটিক্যাল টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশে থাকা বিভিন্ন বস্তু, বিশেষ করে স্যাটেলাইটের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রকল্পটির প্রথম তিনটি পর্যবেক্ষণকেন্দ্রের একটি স্থাপন করা হয়েছে পাকিস্তানে। অন্য দুটি কেন্দ্র রয়েছে পেরু ও ইরানে।
প্রতিটি কেন্দ্রে ১৫ সেন্টিমিটার অ্যাপারচারের অপটিক্যাল টেলিস্কোপ রয়েছে। এসব কেন্দ্র থেকে পাওয়া তথ্য চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজের কেন্দ্রীয় স্থাপনায় পাঠানো হয়।
প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী, পাকিস্তান শুধু এই প্রকল্পের সদস্যই নয়, একটি পর্যবেক্ষণকেন্দ্রের আয়োজকও। ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্যাটেলাইটের গতিবিধি পর্যবেক্ষণের তথ্য পাওয়ার ক্ষেত্রে দেশটি ভৌগোলিক সুবিধা পাচ্ছে।
এ ধরনের তথ্য ব্যবহার করে ভারতের মহাকাশ সম্পদ, অর্থাৎ নিজস্ব স্যাটেলাইটগুলোর গতিবিধিও পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন