প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ২৪ নভেম্বর, ২০২৬ : আজ সকালে সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত রাশ উৎসব পুণ্যস্নানের মাধ্যমে শেষ হয়েছে। পূণ্যার্থীরা সূর্যোদয়ের সময় বঙ্গোপসাগরের নোনা জলে পুণ্যস্নান করে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রার্থনায় পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
সরেজমিনে দেখা গেছে, আজ ভোরে আলোরকোল নামক সমুদ্র সৈকতে তিন কিলোমিটার জুড়ে পুণ্যার্থীদের ঢল নামে। উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ঢাকঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে সুন্দরবনের আলোর কোল সমুদ্র সৈকত। এ সময় মোমবাতি ও ধূপকাঠি জ্বালিয়ে পুন্যার্থীরা সারিবদ্ধভাবে সাগরের দিকে মুখ করে বসে মন্ত্র পাঠ করেন। এরপর উলুধ্বনি ও প্রসাদ বিতরণ করা হয়। এই পর্ব শেষে তারা সাগর জলে স্নান করেন। পূজারিরা বিশ্বাস করেন যে, এই স্নানের মাধ্যমে তাদের সকল পাপ মোচন হয়। প্রার্থনাকালে অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। অনেকে তাদের মনের আশা পূরণের আশায় এই পুণ্যস্নানে অংশ নেন। প্রতি বছরের মতো এবারও রাশ উৎসবে উল্লেখযোগ্য সংখ্যক নারী উপস্থিত ছিলেন। এছাড়াও ৩৪ জন বিদেশি দর্শনার্থী রাশ উৎসবে অংশ নেন।
আজ সকালে পুণ্যস্নান শেষে পুণ্যার্থীরা ফিরতে শুরু করেছেন। তারা শত শত ট্রলার ও জালি বোটযোগে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, আজ সন্ধ্যার মধ্যেই সব পুণ্যার্থী দুবলার চর ত্যাগ করবে। রাশ উৎসব উপলক্ষে তিন দিনের অনুমতি দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার সেই অনুমতির শেষ দিন। এরপর যদি কেউ এ এলাকায় অবস্থান করেন তবে তার বিরুদ্ধে বন আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, এবারের রাশ পূজা ও পুণ্যস্নান উপলক্ষে বাগেরহাট ও খুলনা জেলায় পুণ্যার্থীদের জন্য মোট ৪২৬ টি বোটের (ট্রলার) অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বাগেরহাট জেলায় ৪০৯টি বোটে ৮ হাজার ৭০৬ জন পুণ্যার্থী এবং খুলনা জেলায় ১৭টি বোটের অনুকূলে ৪০৫ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
গতকাল সোমবার (২৩ নভেম্বর) বিকেল থেকে দুবলার চরের আলোরকোলে শুরু হয় শত বছর ধরে প্রচলিত এই ধর্মীয় উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজারেরও বেশি সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ সমবেত হন এই উৎসবে। সোমবার বিকেল ৫টায় দুবলার চরের রাশ মন্দিরটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। রাত ১১টার পর রাশ পূর্ণিমার মূল পূজা শুরু হয়।
গতকাল সন্ধ্যা থেকেই রাধাকৃষ্ণের আরাধনা, নামকীর্তন, আরতি, মতুয়া সম্প্রদায়ের ঢাক-নৃত্যের মধ্য দিয়ে উৎসব জমে ওঠে। সারা রাত পূজা শেষে ভক্তরা ভোরের জোয়ারের অপেক্ষায় সাগর পাড়ে জড়ো হন। সূর্যোদয়ের সাথে সাথে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান এবং প্রসাদ বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় ২০২১ সাল থেকে দুবলার চরে রাশ উৎসবকালে বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এ বছরও সুন্দরবন পূর্ব বন বিভাগের কঠোর তত্ত্বাবধানে কেবল সনাতন ধর্মাবলম্বীদেরই নির্ধারিত পাঁচটি জলপথ দিয়ে চরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পুণ্যার্থীদের নিরাপত্তা ও বন্যপ্রাণী শিকার রোধে বনরক্ষী, কোস্টগার্ড, নৌবাহিনী, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় গড়ে তোলেন।
১৯২৩ সালে সাধু হরিভজনের হাত ধরে শুরু হয় দুবলার চরের রাস উৎসব। প্রতি বছর কার্তিকের পূর্ণিমা তিথিতে এ পূজা উদযাপন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন