প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। দুই পরিবারের সম্মতিতে বাগদানের তারিখও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পাত্রীর সরকারি চাকরির অস্থায়ী প্রকৃতি জানার পর পাত্র বিয়ে থেকে সরে দাঁড়ান। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রেডিটে একটি পোস্টের মাধ্যমে এক ব্যক্তি এই ঘটনার কথা জানান। তার দাবি, ঘটনাটি তার এক বন্ধুর সঙ্গে ঘটেছে। ওই বন্ধু একটি বিয়ের যোগাযোগের অ্যাপের মাধ্যমে পাত্রী খুঁজছিলেন।
রেডিটের পোস্টে বলা হয়েছে, পাত্রীর একটি বেসরকারি কলেজ থেকে বিএসসি ডিগ্রি রয়েছে এবং তিনি রাজ্য সরকারের একটি পদে কর্মরত ছিলেন। তবে চাকরিটি অস্থায়ী ছিল। পাত্রীর প্রোফাইলে চাকরির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, পাত্রী সম্ভাব্য জীবনসঙ্গীর বেতন সম্পর্কে জানতে চান এবং তার প্রত্যাশার কথাও জানান। পাত্রের নির্দিষ্ট পরিমাণ আয়, নিজের বাড়ি ও গাড়ি থাকা উচিত বলে তিনি উল্লেখ করেন। এমনকি পাত্রের উচ্চতা নিয়েও তার পছন্দের কথা জানান। পাত্রের উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি, যা বিয়ের অ্যাপের প্রোফাইলেও উল্লেখ ছিল।
অন্যদিকে, ওই ব্যক্তির দাবি, পাত্রকে সাধারণ মনে হলেও তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একজন বিজ্ঞানী। তিনি একটি স্বনামধন্য কলেজ থেকে প্রকৌশলে ডিগ্রি অর্জন করেছেন এবং বিদেশ থেকে স্নাতকোত্তর করেছেন। তার পেশাগত অবস্থান এবং স্বচ্ছন্দ জীবনযাপন উল্লেখ করা হয়েছে পোস্টে।
সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল। এমনকি বাগদানের দিনক্ষণও চূড়ান্ত হয়েছিল। কিন্তু পাত্রপক্ষ জানতে পারে, পাত্রীর সরকারি চাকরিটি স্থায়ী নয়। এরপরই তারা বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া জানান। একাংশের মতে, বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে চাকরির ধরন ও স্থায়িত্বের বিষয়টি স্পষ্ট করা উচিত ছিল। তাদের মতে, গুরুত্বপূর্ণ তথ্য গোপন থাকলে সম্পর্কের শুরুতেই বিশ্বাসের সংকট তৈরি হতে পারে।
তবে সবাই একমত নন। কয়েকজন ব্যবহারকারী সতর্ক করেছেন, কেবল এক পক্ষের বক্তব্য শুনে পুরো ঘটনা সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
এক ব্যবহারকারী মন্তব্য করেন, পাত্রীর চাকরির স্থায়ী না হওয়ার বিষয়টি আগে না জানানো এবং তার প্রত্যাশার ধরন—দুটিই পাত্রপক্ষের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। অন্য এক ব্যবহারকারীও তথ্য গোপনের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
তবে পুরো ঘটনাটি সম্পর্কে জানা যাচ্ছে রেডিটে প্রকাশিত এক ব্যক্তির পোস্টের মাধ্যমে। তাই পাত্র বা পাত্রীর পক্ষ থেকে স্বাধীনভাবে বক্তব্য পাওয়া গেছে কি না, তা এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন