প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ডিডাব্লিউএফ নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকালে তাকে বাসা থেকে নিয়ে যাওয়ার পর তার খোঁজ না পেয়ে সহপাঠী, বন্ধু ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা থানায় গিয়ে বিক্ষোভ করেন।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে একটি হাসপাতালে উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে আদালতের সাক্ষ্য দেওয়ার কথা বলে কোতোয়ালি থানা পুলিশ অন্তু বিশ্বাসকে তার বাসা থেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান, এমন খবর ছড়িয়ে পড়ে।
কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, আদালত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের আন্দোলনের বিষয়ে জানতে অন্তু বিশ্বাসকে ডেকে আনতে বলেছিল। সেই নির্দেশ অনুযায়ী পুলিশ তাকে আদালতে নিয়ে যায়। সেখানে অন্তু কাউকে কিছু না বলে হাসপাতালে চিকিৎসা নিতে যান। এরপর থেকে তিনি কারো ফোন ধরছিলেন না। খবর পেয়ে পুলিশ তাকে হাসপাতালে থেকে আদালতে নিয়ে যায় এবং পরে থানায় এনে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে।
অন্তু বিশ্বাস বলেন, “আমাকে আদালতের একটি জনমানবশূন্য ভবনে একা রেখে আসে পুলিশ। পরে ভয় পেয়ে অসুস্থ বোধ করায় হাসপাতালে যাই চিকিৎসা নিতে।”
ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে বরিশালের বেসরকারি ডিডাব্লিউএফ নার্সিং কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাস। এ ঘটনায় কলেজ প্রশাসন তার ছাত্রত্ব বাতিল করে। এর প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের খরচের কথা বলে মোট ২৭ লাখ টাকা আদায় করে কলেজ কর্তৃপক্ষ। ওই টাকা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে দিতে হবে বলে জানানো হয়েছিল।
এ নিয়ে গত ২৩ এপ্রিল শিক্ষার্থীরা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে টাকা নেওয়ার বিষয়ে জানতে চান। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায়, প্রশিক্ষণের জন্য হাসপাতাল পরিচালক কোনো টাকা নেন না। পরে শিক্ষার্থীদের চাপের মুখে কলেজ কর্তৃপক্ষ টাকা ফেরত দেয়।
এ ঘটনায় ১৭ মে তদন্ত শুরু করে বরিশাল জজ আদালত। পরে ৫ অক্টোবর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক জহিরুল ইসলাম, অধ্যক্ষ মমতাজ বেগম ও প্রশাসনিক কর্মকর্তা ফারজানা আক্তার টুম্পার বিরুদ্ধে মামলা করেন।
শিক্ষার্থীদের দাবি, এ ঘটনার জের ধরে গত রবিবার আন্দোলনে নেতৃত্ব দেওয়া, উসকানি, অসদাচরণ ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে অন্তু বিশ্বাসকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে আসছেন।
বহিষ্কারের প্রতিবাদে গত বুধবার (১৯ নভেম্বর) নগরীর সিএন্ডবি রোডের ক্যাম্পাসে গিয়ে একক বিক্ষোভ করেন অন্তু। এসময় কলেজ প্রশাসন তাকে মারধর করে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কোতোয়ালি মডেল থানার এসআই মনিরুজ্জামান অন্তুকে নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়ার বাসা থেকে আদালতে সাক্ষ্য দিতে নিয়ে যান। এরপর তার খোঁজ নিতে থানায় যান সহপাঠী ও বন্ধুরা। প্রথমে পুলিশ তাকে থানায় আনার বিষয়টি অস্বীকার করে এবং আদালতে নেওয়া হয়েছে বলে জানায়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়।
অন্তুর খোঁজ না পেয়ে বরিশাল গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা নগরীতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা থানায় গিয়ে ওসির দেখা না পেয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্তুকে থানায় ফিরিয়ে আনা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক জহিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন