প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার প্রাথমিক শুনানির সময় মিয়ানমারের পক্ষে গণহত্যার অভিযোগের বিরুদ্ধে সাফাই গেয়েছিলেন নোবেলজয়ী অং সান সু চি।
সেই সময় তিনি মিয়ানমারের কার্যত বেসামরিক নেতা ছিলেন। ১৯৯১ সালে সামরিক সরকারের বিরুদ্ধে অহিংস আন্দোলনের স্বীকৃতি হিসেবে সু চি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
তবে তার ক্ষমতায় থাকা অবস্থায় তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কারণ ২০১৬ ও ২০১৭ সালে তার সরকারের অধীনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দ্বারা রোহিঙ্গাদের ওপর পরিচালিত নির্বিচার হত্যাকাণ্ড, ধর্ষণ ও ব্যাপক অগ্নিসংযোগের ঘটনাগুলোর সমালোচনা করতে তিনি অস্বীকার করেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত যৌন সহিংসতার তথ্য-প্রমাণ প্রকাশিত হওয়ার পরও অং সান সু চির কার্যালয় এসব অভিযোগকে ‘ভুয়া ধর্ষণ’ হিসেবে উল্লেখ করে।
যখন সরাসরি প্রশ্ন করা হয়, তখন তিনি অস্বীকার করেন যে রোহিঙ্গারা জাতিগত নিধনের শিকার হয়েছে। নৃশংসতার বিষয়ে উপস্থাপিত অসংখ্য সাক্ষ্য-প্রমাণকে তিনি ‘ভুল তথ্যের বিশাল বরফের খণ্ড’ হিসেবে বর্ণনা করেন। এমনকি তিনি ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করতে বিরত থাকেন, যা সামরিক বাহিনীর মিথ্যা দাবিকে আরো শক্তিশালী করে তোলে—যেখানে বলা হয়, এই মুসলিম জাতিগোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ রোহিঙ্গারা মিয়ানমারের কোনো স্বতন্ত্র জাতিগোষ্ঠী নয়; তারা প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অভিবাসী।
সু চির বাবা ছিলেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা এবং দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নায়ক। তবে রাষ্ট্র পরিচালনার সময় সু চির হাতে পূর্ণ ক্ষমতা ছিল না। তাকে সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় সরকার পরিচালনা করতে হয়েছিল।
তার সমর্থকদের দাবি, সেনা জেনারেলদের সঙ্গে সমঝোতা বজায় রাখতে এবং নিজের অবস্থান ধরে রাখতে তিনি তাদের পক্ষে সাফাই গাইতে বাধ্য হয়েছিলেন। ২০২১ সালে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর সু চিকে উৎখাত ও আটক করা হয়। বর্তমানে তার বয়স ৮১ বছর এবং তিনি এখনো আটক রয়েছেন। সমর্থকদের মতে, তার এই পরিণতি প্রমাণ করে যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর বর্ণবাদী মনোভাব ও সহিংসতা ঠেকানোর মতো ক্ষমতা তার হাতে ছিল না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন