প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এবারের মেলায় অংশগ্রহণ করছে আটটি সরকারি এবং ৬৫টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান। জাতীয় গ্রন্থকেন্দ্র এই মেলার আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায়।
বইমেলা উপলক্ষে শিশু-কিশোরদের জন্য সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মধ্যে বুধবার কবিতা আবৃত্তি, বৃহস্পতিবার চিত্রাঙ্কন, শুক্রবার কচিকাঁচার উৎসব, শনিবার রচনা প্রতিযোগিতা, রোববার কুইজ ও বিতর্ক এবং সোমবার স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর বসবে। আগামী মঙ্গলবার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এই আয়োজন।
আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার উল্লেখ করেন, "একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই। বই মানুষের পরম বন্ধু। বইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে পারলে প্রগতিশীল সমাজ গড়ে উঠবে, যা তথ্যভিত্তিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনের ভিত্তি হিসেবে কাজ করবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জামিল। এ সময় আরও বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন