প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে একটি ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কারখানায় কর্মরত দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টায় ৫০ মিনিটে ফতুল্লার ইসদাইর এলাকার ‘রতন ডাইং’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকদের মধ্যে পাশা (৪০) এবং রঞ্জিত (৪৫) অন্তর্ভুক্ত রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে রতন মিয়ার মালিকানাধীন ওই ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা কারখানার ভেতরে ঢুকে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন দেখতে পান এবং দুই শ্রমিক আগুনে পুড়ে ছটফট করছেন। আগুনে তাদের শরীর ঝলসে যায়। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধদের শারীরিক অবস্থার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রাত ২টায় ৫০ মিনিটের দিকে ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের পর দগ্ধ অবস্থায় দুই রোগীকে জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ ফ্লেম বার্নসহ শ্বাসনালী (ইনহেলেশন ইনজুরি) ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ ফ্লেম বার্নসহ শ্বাসনালী পুড়ে গেছে। তাদের দুজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি এবং বিস্তারিত জানতে আমাদের একটি টিম পাঠানো হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন