প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তর ইসরায়েলের দাহি গ্রামে গভীর রাতে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, পাশাপাশি ভবনের গায়ে অবৈধ বসতি স্থাপনকারীদের পক্ষ থেকে উসকানিমূলক গ্রাফিতি লেখা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুসল্লিরা ফজরের নামাজের জন্য মসজিদে এসে আগুন ও গ্রাফিতি দেখতে পান। ইসরায়েলি পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে এবং অভিযুক্তদের ধরার জন্য অভিযান শুরু করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দাহি গ্রামের ওই মসজিদের নিচতলার একটি জানালা ভেঙে ভিতরে আগুন লাগানো হয়। তবে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই মুসল্লি ও জরুরি সেবা কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং মসজিদটিতে সামান্য ক্ষতি হয়েছে।
পুলিশের মতে, মসজিদের আশপাশে লেখা গ্রাফিতিতে গত মার্চে পশ্চিম তীরে নিহত এক ইহুদি বসতি স্থাপনকারীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত রয়েছে। এছাড়া, পশ্চিম তীরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা চরমপন্থী বসতি স্থাপনকারীদের প্রসঙ্গ এবং পুরো ভূখণ্ডকে একটি 'ফ্রন্ট' বা রণাঙ্গন হিসেবে উল্লেখ করে স্লোগান লেখা হয়েছে।
মসজিদের ইমাম খালেদ জাবি জানান, তাঁদের গ্রামটি ছোট এবং সেখানে সবার মধ্যে সুসম্পর্ক বিদ্যমান; স্থানীয় বাসিন্দারা কোনো সংঘাত বা উসকানিতে জড়াতে চান না। উল্লেখ্য, এই ঘটনার কয়েক ঘণ্টা আগে বুধবার সন্ধ্যায় মধ্য ইসরায়েলের আরব অধ্যুষিত শহর কাফর কাসেমে এক ইহুদি চালকের গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন বাসিন্দা আহত হন।
ঘটনার পর, আরব আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আরব সমাজের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছেন এবং সহিংসতায় মদদ দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বিরোধী দল 'বি'য়াচাদ'-এর নেতা ইয়াইর ল্যাপিড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মসজিদে আগুন দেওয়ার ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এটি ইহুদি বা ইসরায়েলি আচরণ নয় এবং এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ফরেনসিক ও জেলা গোয়েন্দা ইউনিটের মাধ্যমে তদন্ত চালাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই তদন্তে দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেটও যুক্ত রয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন