প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের দিরাই উপজেলা ভূমি অফিসের গাড়িচালক বিপ্লব বর্মনের বিরুদ্ধে নামজারি করে দেওয়ার আশ্বাসে দুই ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার ৮০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও জমির নামজারি সম্পন্ন হয়নি। ফেরত পাননি টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রও। এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী দুই ব্যক্তি।
এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হুমায়ূন কবির। অভিযোগে বিপ্লব বর্মনের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের তারেক মাহমুদ (পিতা: মৃত চাম্পা মুন্সী) ও হুমায়ূন কবির (পিতা: মৃত কাছন উল্লা) তাঁদের পৃথক দুটি জমির নামজারি জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে ২০২৩ সালে দিরাই উপজেলা ভূমি অফিসে যান।
এ সময় ভূমি অফিসের গাড়িচালক বিপ্লব বর্মন তাঁদের দ্রুত নামজারি করে দেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি সাধারণ নিয়মে নামজারি করতে দীর্ঘ সময় লাগতে পারে জানিয়ে ভূমি কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে মাত্র ১৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে দাবি ভুক্তভোগীদের।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে বিপ্লব বর্মন তার আপন ছোট ভাই বিজয় বর্মনের দোকানে নিয়ে অনলাইনে নামজারির আবেদন করার ব্যবস্থা করেন। পরে বিজয় বর্মনের কাছে নগদ লেনদেনের মাধ্যমে দুই ব্যক্তির কাছ থেকে মোট ১৫ হাজার ৮০০ টাকা নেওয়া হয়।
ভুক্তভোগী হুমায়ূন কবির জানান, প্রথমে নামজারির বিষয়ে ভূমি অফিসের কর্মকর্তার পরামর্শ নিতে গেলে তাঁকে অনলাইনে আবেদন করার কথা বলা হয়। পরে অফিস থেকে বের হওয়ার পর বিপ্লব বর্মন তাঁদের দ্রুত নামজারি করে দেওয়ার আশ্বাস দেন। নামজারির প্রক্রিয়া জটিল মনে হওয়ায় তাঁর কথায় বিশ্বাস করে তাঁরা টাকা দেন। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই শুরু হয় ভোগান্তি।
হুমায়ূন কবির আরও বলেন, ২০২৩ সালে আমি ৪ হাজার টাকা এবং তারেক মাহমুদ ১১ হাজার ৮০০ টাকা দিয়েছি। বিপ্লব বর্মন বলেছিলেন, ১৫ দিনের মধ্যে নামজারি করে দেবেন। কিন্তু প্রায় তিন বছর পার হয়ে গেলেও কাজ হয়নি। বারবার ফোন করেও তাঁকে পাওয়া যায় না। কখনো আজ, কখনো কাল বলে সময়ক্ষেপণ করেছেন। এখন পর্যন্ত আমাদের টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিপ্লব বর্মন টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন,টাকা নিয়েছি, তবে আমার ছোট ভাই বিজয় বর্মন টাকা ও দোকান বিক্রি করে চলে গেছে। টাকা সে নিয়ে গেছে, আমাকে দেয়নি। তারপরও তাঁদের বলেছি, নামজারি করে দেব, একটু সময় লাগবে।
কত টাকা নেওয়া হয়েছে-এমন প্রশ্নের জবাবে তিনি ১৫ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন,অভিযোগপত্রটি পেয়েছি। তদন্তসাপেক্ষে বিষয়টি দেখা হবে।
নামজারির মতো সরকারি সেবা পেতে গিয়ে একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে এভাবে অর্থ নেওয়ার অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ভুক্তভোগীদের টাকা ও কাগজপত্র ফেরত পাওয়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন