প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিসরের রাজধানী কায়রোর বৃহত্তর অঞ্চলে একটি জ্বালানিজাত পণ্যবাহী গাড়ি উল্টে যাওয়ার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন।
বুধবার, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিবৃতি প্রদান করে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কায়রোর বৃহত্তর এলাকার একটি গুরুত্বপূর্ণ রিং রোডে জ্বালানিজাত পণ্যবাহী গাড়িটি উল্টে যাওয়ার পর আগুন লেগে যায়। গিজা প্রদেশের ইমবাবা এলাকার ওয়াররাক জেলায় একটি টানেলের ওপর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রিং রোডটি কায়রো, গিজা ও কালিউবিয়া প্রদেশের মধ্যে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর সংযোগ স্থাপন করে। এই কারণে সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। দুর্ঘটনাস্থলে প্রকাশিত ছবিতে দেখা যায়, কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়।
এদিকে, মিসরের মন্ত্রিসভা একটি বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশও দিয়েছেন।
সূত্র: আল জাজিরা
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন